অমিতাভের আত্মীয় স্বজনরাও ভীষন মনঃক্ষুন্ন
দাওয়াত না দিয়ে শুধু বলিউড তারকাদেরই বিরাগভাজন হননি অমিতাভ, নিকটাত্মীয়রাও ভীষন খেপেছেন তার উপর।
অমিতাভের দেশের বাড়ি বাবু পাত্তি গ্রামের ঘনিষ্ট আত্মীয়রাও বঞ্চিত হয়েছেন বলিউডের সবচেয়ে এই আকর্ষনীয় বিয়ের আমন্ত্রণ থেকে।
অমিতাভ বচ্চনের চাচা বাবু শরদ প্রসাদ শ্রীবাস্তব ও তার পরিবার কিংবা ফুফু মুনমুন আশা করেছিলেন, তাদের অন্তত দাওয়াত থেকে বঞ্চিত করবেন না অমিতাভ। কিন্তু অভিষেকের মেহেদী রসম হয়ে যাওয়ার পরে ২০ তারিখের বিয়ের দাওয়াতের আশা ছেড়ে দিয়েছেন তারা।
অবসরপ্রাপ্ত কলেজ অধ্যক্ষ শ্রীবাস্তব নিশ্চিতই ছিলেন যে বিয়েতে তিনি যাচ্ছেন। একরকম প্রস্তুতিও নিয়েছিলেন। কারণ গত মার্চে গ্রামের অমিতাভের দেশের বাড়িতে বেড়াতে গিয়ে জয়া বচ্চন নিজে তাকে দাওয়াতের ব্যাপারে নিশ্চিত করেছিলেন।
অমিতাভের প্রয়াত বাবা হরিবংশরাই বচ্চনের বোন মুনমুন থাকেন কুন্ডা এলাকায়। বিয়ের দাওয়াত না পেয়ে তিনিও একরকম খামোশ হয়ে গেছেন।
হরিবংশরাই বচ্চনের সাথে তাদের আন্তরিকতার স্মৃতিচারণ করে মুনমুন ও শ্রীবাস্তব বলেন যে, অমিতাভের বাবা যতোদিন বেঁচেছিল ততদিন তাদের সাথে ভালো যোগাযোগ ছিল। জয়া বচ্চন সম্প্রতি বেড়াতে গেলে এই যোগাযোগ পুনস্থাপিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। বিয়ে উপলক্ষে হয়তো সেটা আরো জোরদার হবে এই আশায় ছিলেন তারা। কিন্তু হলো না।
যাই হোক, দাওয়াত না পেলেও বিপুল সমারোহে যে তাদের বংশেরই একজনের বিয়ে হচ্ছে এটা জেনেই তারা খুশি। তবে পারিবারিক ঐতিহ্য অনুযায়ী এই জুটি বাবু পাত্তিতে এসে কুল দেবীর আশীর্বাদ নিয়ে গেলে ভালো করতেন বলে মনে করেন তারা।
অমিতাভের এক আত্মীয় কিছুটা খেদের সঙ্গে মন্তব্য করেন, “এই পরিবারের সবাই যে কোন বড় কাজের আগে এখানের কুল দেবীর আশীর্বাদ নিয়ে যায়। অমিতাভের পরিবার বিন্ধ্যাচল, কাশী আরো কোথায় কোথায় গিয়েছে প্রার্থনার জন্য। এখানে একটিবার এলে ভালো হতো।”
সূত্র : ওয়েবসাইট
