অ্যাশ অভিষেকের বিয়ের কার্ড
লুকোছাপা করে অনেক বিয়েই হয়েছে বলিউডে। সেগুলো বাদ দিলে বলিউডের আর কোন বিয়ে সম্ভবত এতোটা প্রচারবিমুখ ছিল না। কোটি কোটি ভক্তের আগ্রহকে উপেক্ষা করে কড়া নিরাপত্তা বসিয়ে ছেলের বিয়ের আয়োজন করেছেন অমিতাভ বচ্চন। এমনকি আমন্ত্রিত অতিথিদেরও প্রতিজ্ঞা করিয়েছেন বিয়ের কোন বিষয়েই তারা মিডিয়ার কাছে মুখ খুলবে না। বিয়ের কার্ডটা পর্যন্ত কেমন সেটাও জানতে পারেননি বাইরের কেউ।
১৮ এপ্রিল বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর পর কিছু কিছু খবর পাওয়া যাচ্ছে। অভিষেক অ্যাশের বিয়ের কার্ডটা কেমন সেটাও এখন জানা গেছে।
বড় একটা বাক্সে তিন পর্বের কার্ডটি রিবন দিয়ে বেঁধে পাঠানো হয়েছে আমন্ত্রিতদের কাছে। প্রথম পাতায় একটি সোনালী কার্ড রয়েছে যেখানে অভিষেক ও ঐশ্বরিয়ার নামের ইংরেজি অদ্যাক্ষর ‘এএ’ অক্ষর দুটি হোয়াইট গোল্ডে উৎকীর্ণ।
কার্ডের দ্বিতীয় পাতায় দেবতা গনেশের ছবি শোভা পাচ্ছে। এখানে রয়েছে সোনালী অক্ষরে লেখা কিছু শ্লোক।
তৃতীয় পাতায় অমিতাভ বচ্চনের বাবা বিশিষ্ট কবি হরিবংশরায় বচ্চনের একটি কবিতা মুদ্রিত রয়েছে।
চতুর্থ ও পঞ্চম পাতায় রয়েছে হিন্দি ও ইংরেজিতে লেখা মূল আমন্ত্রণলিপি। প্রতিটির নিচে বর ও কনের অভিভাবকদের স্বাক্ষর রয়েছে।
কার্ডই যখন এতো স্টাইল করে বানানো হয়েছে, বিয়ের অনুষ্ঠানও যে সেরকমই শানদার হবে তাতে কোন সন্দেহ নেই।
