মোহাম্মদ রফির অপ্রকাশিত গান নিয়ে অ্যালবাম
ভারতের কিংবদন্তীর গায়ক মোহাম্মদ রফির ভক্তদের জন্য সুখবর। নারায়নী ক্রিয়েটিভ সলিউশনস নামের একটি সংস্থা ৭০ দশকের মুক্তি না পাওয়া একটি হিন্দি চলচ্চিত্রের গানের স্বত্ব কিনে নিয়েছে সম্প্রতি।
‘সরি ম্যাডাম’ নামের ওই ছবিতে রফির গাওয়া একাধিক গান রয়েছে যেগুলি এখনো পর্যন্ত কেউ শোনে নি। ছবিটি পরিচালনা করেছিলেন দিলিপ বোস।
ছবির গানগুলি কম্পোজ করেন চিত্রগুপ্ত। নারায়নী সিদ্ধান্ত নিয়েছে ছবির গানগুলিকে একটি অ্যালবাম আকারে প্রকাশ করবে তারা। একই শিরোনামে একটি চলচ্চিত্র তৈরির পরিকল্পনাও রয়েছে তাদের।
নারায়নীর অন্যতম অংশীদার তুষার কুলকার্নি জানান, ছবিটি পরিচালনা করবেন দিলিপ বোসের ছেলে দিবাকর ও দীপঙ্কর। নতুন সব তারকাদের নিয়ে ছবিটি তৈরি করা হবে বলে জানান কুলকার্নি। ছবির প্রযোজনাপূর্ব কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
সূত্র : ওয়েবসাইট।
