২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেকের বিয়ে নিয়ে মৌনব্রত

বলিউডের সবচেয়ে আলোচিত বিয়ে নিয়ে বলতে গেলে কোন খবরই ছাপা হচ্ছে না পত্রপত্রিকায়। কারণ একটাই, বিয়ে বাড়ি থেকে কোন খবর বাইরে আসছেই না। এমনকি আমন্ত্রিতরাও মুখে কুলুপ এঁটে আছেন। ১৮ এপ্রিল বুধবার থেকে ৩ দিনব্যাপী অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের বিয়ের অনুষ্ঠান শুরু হবে। ২০ এপ্রিল হবে বিয়ের মূল আনুষ্ঠানিকতা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 06:37 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

সবচেয়ে আলোচিত বিয়েটি কেন এরকম ঘরোয়াভাবে অনুষ্টিত হবে তা নিয়ে ভক্তদের ক্ষোভের অন্ত নেই। এমনকি বলিউডের প্রথম সারির তারকারাও দাওয়াত পাচ্ছেন না দেখে অনেকেই বিস্মিত। এ অনুষ্ঠানে ঘনিষ্ট আত্মীয় ও পারিবারিক বন্ধুরাই কেবল যোগ দেবেন। অভিষেকের অশীতিপর দাদী তেজী বচ্চনের শারীরিক অবস্থা ভালো না থাকায় এরকম ব্যবস্থা নেয়া হয়েছে বলে একটি ভারতীয় পত্রিকা মন্তব্য করেছে।

ফলে অমিতাভের বাবা হরিবংশ’র কবিতা সমৃদ্ধ ও ইংরেজিতে ‘এ এ’ অক্ষরসম্বলিত যে বিয়ের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে তা পেয়েছেন নির্বাচিত কিছু অতিথি। তাতে অনিবার্যভাবে বাদ পরেছে ঐশ্বরিয়ার সাবেক ছেলেবন্ধু সালমান খান কিংবা অমিতাভের এই সময়ের প্রকাশ্য প্রতিদ্ধন্ধী শাহরুখ খান।

ব্যাপারটা শাহরুখ অবশ্য স্বাভাবিকভাবেই নিয়েছেন। বলেছেন, “বিয়েতে আমাকে দাওয়াত দেওয়া হয়নি। তাতে কিছু যায় আসে না, আমি এই যুগলের মঙ্গল কামনা করছি।”

আমন্ত্রিতরা বিয়ের ব্যাপারে মুখ খুলছে না। দাওয়াত পাওয়া সুনীল শেঠী বলেছেন, “ বচ্চন পরিবার থেকে আমাদের বলা হয়েছে বিয়ের এ অনুষ্ঠানটাকে ব্যাক্তিগত বিষয় হিসেবে যেন দেখি। এ জন্যই আমরা এ ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না।”

বিয়েতে সোনিয়া গান্ধীকে দাওয়াত পাঠানো হয়েছে বলে একটি পত্রিকা দাবি করেছে। তবে বিয়েতে সোনিয়া আসবেন না বলেও জানিয়েছে তারা। গান্ধী পরিবারকে দাওয়াত দেওয়ার বিষয়টি বচ্চন পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। ফলে খবরটি নিছক গুজব কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

বিয়ে সংক্রান্ত কোন খবর বাইরে না আসায় এভাবে গুজবের ডালপালা ছড়াচ্ছে। আমন্ত্রিতদের তালিকাও ক্রমে বাড়ছে। আমন্ত্রণ পাননি এমন অনেকের খবরও ছাপছে পত্রিকাগুলো। সম্প্রতি মুম্বাইয়ের একটি পত্রিকা দাবি করেছে যে কনে বা তার মায়ের পক্ষ থেকে আসা অনুরোধের প্রেক্ষিতে অতিথিদের তালিকায় বেশ কিছু নাম সংযুক্ত হয়েছে সম্প্রতি।

খবরটি নিশ্চিত করার জন্য পরিচালত করন জোহরের কাছে এ ব্যপারে জানতে চেয়ে ব্যর্থ হয়েছে একাধিক পত্রিকা।

একজন অতিথি বলেছেন, “ অতিথিদের সাথে একরকম অলিখিত চুক্তিই হয়েছে যেন বিয়ের কোন বিষয়ে আমরা কথা না বলি। আমি এমনকি আমার বউয়ের সাথেও এ নিয়ে কোন কথা বলিনি। বিভিন্ন পত্রিকা আমাদের রুপিও সেধেছে। বিয়ের কার্ডটার জন্যও একজন ৫ দিনের শুটিংয়ের সমপরিমান অর্থ দিতে চেয়েছে।”

এদিকে কোলকাতার অনেকেই আশা করেছিলেন অ্যাশ অভিষেকের বিয়েতে ঋতুপর্ণ ঘোষ অন্তত দাওয়াত পাবেন। পাননি।

দাওয়াতের আশা করার একাধিক কারণ রয়েছে। দীর্ঘদিন ধরেই বচ্চন পরিবারের সঙ্গে ঘোষ পরিবারের সখ্য। তাছাড়া কোলকাতার মেয়ে জয়া ভাদুরির স্বামী অমিতাভ বচ্চন। কিছুদিন আগেই কোলকাতায় ঋতুপর্ণ ঘোষের ছবিতে অভিনয় গেলেন অমিতাভ। ঐশ্বরিয়ার বিয়ের গয়নাও জয়া বচ্চন নিজে পছন্দ করে গেছেন কোলকাতা থেকে। সে সময় গয়না বাছাইয়ের ব্যাপারে তাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন ঘোষ। ঘোষের ‘চোখের বালি’ তে ব্যবহৃত গয়নাই পছন্দ করেছেন জয়া। ‘চোখের বালি’তে নায়িকা চরিত্রে ওইসব গয়না পরেছিলেন ঐশ্বরিয়া।

দাওয়াত না পাওয়ায় ঋতুপর্ণ হতাশ কিনা বোঝা যাচ্ছে না। বলেছেন, “দাওয়াতে কি আসে যায়। রায় আর বচ্চন পরিবারের পুরোনো শুভাকাঙ্খী আমি।”