২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুমু নিয়ে বিপাকে শিল্পা, ভারত জুড়ে বিক্ষোভ

শিল্পা শেঠীকে চুমু খেয়ে আরামে নেপালে পাড়ি জমিয়েছেন হলিউড অভিনেতা রিচার্ড গিয়ার। ওদিকে ওই ঘটনাকে কেন্দ্র করে ভারত জুড়ে দেখা দিয়েছে বিক্ষোভ। সেলিব্রিটি বিগ্র ব্রাদার বিতর্ক থেকে সদ্য বেঁচে ওঠা শিল্পা ফের বিপাকে পড়লেও বিষয়টি নিয়ে মোটেও অনুতপ্ত নন। বলেছেন, “আমি ক্ষমা চাইবো না।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 06:34 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

ঘটনার প্রতিবাদে শিল্পা শেঠী ও রিচার্ড গিয়ারের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে ভারতের বিভিন্ন স্থানে। শিল্পার শুটিং স্পটে হামলা চালিয়েছে শিবসেনা, শিল্পার ছবির বিলবোর্ডে দেয়া হয়েছে আগুন। বিক্ষোভকারীরা শিল্পা ও গিয়ারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।

শিল্পা শেঠী শুটিং করবেন মুম্বাইয়ে এমন একটি ছবির সেটে সোমবার হামলা চালিয়েছে জনা পঞ্চাশেক শিবসেনা। বারাণসীতে শিবসেনা ও বন্দে মাতরম সংঘর্ষ সমিতিসহ কিছু মুসলিম সংগঠনও এর প্রতিবাদে ভাঙচুর করে। কানপুরেও বিক্ষোভ হয়েছে। ভুপালের বিক্ষাভকারীরা শিল্পার পরবর্তী ছবিগুলো বর্জন করার আহ্বান জানিয়েছে। পুলিশ কিছু শিবসেনাকে গ্রেফতার করেছে।

ভারতের পাশাপাশি বৃটেনের গার্ডিয়ান ও দি ইন্ডিপেন্ডেপন্টসহ অনেক পত্রিকা এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছেপেছে।

গার্ডিয়ান পত্রিকা ‘কিস দ্যাট শকড ইন্ডিয়া’ শিরোনাম দিয়ে লিখেছে, “ভারতীয়রা এই আচরণকে তাদের সংস্কৃতির অবমাননা হিসেবে দেখেছে।” তবে শেঠী বলেছেন, “তার দেশবাসী বিষয়টি নিয়ে অহেতুক বাড়াবাড়ি করছে। গিয়ার অশালীন কিছু করেননি। কিছু ভারতীয় যে আচরণ করছে তাতে বিশ্বসভায় বরং ভারতের মর্যাদা লুণ্ঠিত হচ্ছে।”

“আমি বুঝতে পারছি এটা ওদের সংষ্কৃতি, আমাদের নয়। কিন্তু তারপরও আমি বলবো, কোন অশালীন কিছু ঘটেনি। জনগনের সেন্টিমেন্ট আমি বুঝতে পারছি। তবে একজন মেহমান এখান থেকে বাজে স্মৃতি নিয়ে যান এটা আমি চাই না।”

শিল্পা বলেছেন, “ গিয়ার অন্যায় কিছু করেননি। তিনি উপস্থিত জনতাকে আনন্দ দেয়ার জন্যই কাজটা করেছেন। তাছাড়া উনি চুমু খেয়েছেন কেবল গন্ডদেশে। তিনি তো ‘বস্ত্রহরণ’ করেননি। এই হলিউড তারকা ৯ বছর ধরে ভারতে এইডস সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছেন। তার প্রতি এরকম আচরণ করা অন্যায়।”

শিল্পা জানিয়েছেন, বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পরে গিয়ার তাকে তিনবার টেলিফোন করে পরিস্থিতি নিয়ে তার উদ্বেগের কথা জানিয়েছেন। শিল্পা বলেন, “ রিচার্ড আমাদের মেহমান। মেহমানের সাথে এমন আচরণ ভারতবাসীর জন্য লজ্জার হবে।”