২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন খানের কেউই আমন্ত্রণ পাননি অ্যাশ-অভিষেকের বিয়েতে

বলিউডের সবচেয়ে আলোচিত বিয়েটা মোটেই জাঁকজমকভাবে হচ্ছে না, এ নিয়ে ভক্তসহ অনেকের মনেই আফসোস। সমস্যা যে বচ্চন পরিবারেরও হচ্ছে না তা নয়। অতিথিদের তালিকা বানাতে গিয়েই হিমশিম খেতে হয়েছে তাদের। অনেক হিসেব করে শেষতক প্রায় একশ মেহমানের একটা তালিকা খাড়া করেছেন তারা। সে তালিকায় বলিউডের জনপ্রিয় তিন খান-শাহরুখ খান, আমীর খান বা সালমান খান কারোই নাম নেই। বচ্চন পরিবারের সঙ্গে ঘনিষ্ট একজন ভারতের এক পত্রিকাকে ওই তালিকা সম্পর্কে জানিয়েছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 06:34 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

২০ এপ্রিলের ওই বিবাহ অনুষ্ঠানে মাত্র দুজন রাজনীতিবিদ আমন্ত্রণ পেয়েছেন। একজন উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রী মুলায়াম সিং যাদব ও শিব সেনা প্রধান বাল ঠাকরে।

সমাজবাদী দলের জেনারেল সেক্রেটারি অমর সিংকেও অনুষ্ঠানে দেখা যাবে। তবে রাজনীতিবিদ হিসেবে নয়, বচ্চন ও রায় উভয় পরিবারের সাথে ঘনিষ্টজন হিসেবে এই আমন্ত্রণ পেয়েছেন তিনি। শুধু অমর নন, তার স্ত্রী পঙ্কজা ও দুই কন্যা দৃষ্টি ও দিশাও দাওয়াত পেয়েছেন।

আমন্ত্রিতদের তালিকায় গান্ধী পরিবারের কেউ নেই দেখে ধরে নেয়া যায় স্বাধীনতা আন্দোলনের সময় থেকে দুই পরিবারের যে সম্পর্ক তৈরি হয়েছিল তার পাকাপাকিভাবে অবসান ঘটলো এবার।

১৯৯৬ সালে একইভাবে ছোটখাট পারিবারিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর বিয়ে হয়। সেই বিবাহ অনুষ্ঠানে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন তাদের সদ্যবিবাহিতা কন্যা শ্বেতা ও স্বামী নিখিল নন্দকে নিয়ে উপস্থিত ছিলেন।

আশির দশকেই রাজনৈতিক কিছু বিরোধকে কেন্দ্র করে বচ্চন পরিবার ও গান্ধী পরিবারের মধ্যে সম্পর্কের অবনতি হয়। সম্প্রতি ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে অমিতাভ বচ্চনের নাম আলোচনায় উঠলে কংগ্রেসের পক্ষ থেকে এ ব্যাপারে আপত্তি জানানো হয়েছিল।

অমিতাভের ভাই অজিতাভ প্রিয়াঙ্কার মাধ্যমে গান্ধী পরিবারের কাছে আমন্ত্রণ পাঠিয়েছেন বলে যে খবর ছাপা হয়েছে বিভিন্ন পত্রিকায় বচ্চন পরিবারের পক্ষ থেকে তার সত্যতা অস্বীকার করা হয়েছে।

বলিউডের প্রথম সারির অনেক তারকাই বিয়েতে দাওয়াত পাননি। দাওয়াত পেয়েছেন কেবল তারাই যারা অমিতাভ বা অভিষেকের ঘনিষ্ঠজন। এই তালিকায় আছেন সঞ্জয় দত্ত, সুনীল শেঠী, অজয় দেবগন, কাজল, এশা দেওল, ডিম্পল কাপাডিয়া, ড্যানি ডেনজোংপা, রমেশ শর্মা, গোল্ডি বেল, সোনালী বেন্দ্রে, কৌতুকাভিনেতা মেহমুদের ভাই আনওয়ার ও শাম্মী রাবাদি।

মজার ব্যাপার হলো, শাহরুখ, আমীর বা সালমানসহ কোন খানই বিয়েতে দাওয়াত পাননি। পাননি দিলীপ কুমারও। কেন? ব্যাখ্যা দিতে গিয়ে বচ্চন পরিবারের এক বন্ধু বলেছেন, “এটাতো একটা ব্যাক্তিগত অনুষ্ঠান। খুব ঘনিষ্ট আত্মীয় ও বন্ধুবান্ধব এবং যারা অমিতাভ ও জয়ার সংগ্রাম করে টিকে থাকার দিনগুলোতে পাশে ছিলেন তারাই এখানে দাওয়াত পেয়েছেন।”

শিল্পপতিদের মধ্যে সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন অনিল আম্বানি ও সুব্রত রায়।

তিনদিনব্যাপী এই বিয়ের অনুষ্ঠান হবে বচ্চনের মুম্বাইয়ের বাড়ি ‘প্রতীক্ষা’য়। ১৮ তারিখে হবে মেহেদী রসম। পরদিন হবে সঙ্গীতানুষ্ঠান। বিয়ের মন্ত্রপাঠ হবে ২০ এপ্রিল বিকেল সাড়ে ৫টায়।

বিবাহ অনুষ্ঠানটি সম্প্রচারের ব্যাপারে বিভিন্ন প্রচার মাধ্যমে আকর্ষণীয় প্রস্তাব দিয়ে রাখলেও সেগুলি সবিনয়ে ফিরিয়ে দিয়েছে বচ্চন পরিবার।