পিতৃপরিচয় প্রমাণের জন্য সন্তানের ডিএনএ টেস্ট করতে দিয়েছেন মেল বি
পিতৃপরিচয় প্রমাণের জন্য কিছুদিন আগে জন্ম নেয়া ফরচুনা ড্যাফনে বে’র ডিএনএ টেস্ট করতে দিয়েছেন সাবেক স্পাইস গার্ল তারকা মেলানি ব্রাউন, মেল বি হিসেবেই যিনি অধিক পরিচিত। মেল বি এই সন্তানের বাবা হিসেবে অভিনেতা এডি মার্ফির কথা বললেও মার্ফি তা অস্বীকার করেন।
স্ক্যারি স্পাইস নামে পরিচিত মেল বি ৩ এপ্রিল ওই শিশুর জন্ম দেন। গায়িকার এক বান্ধবী ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিররকে বলেন, “ এই ঘটনায় মেল বি উন্মাদের মতো হয়ে পরেছে। ও বিশ্বাসই করতে পারছে না যে বিষয়টা এতোদুর গড়াবে আর এডি মার্ফি স্বীকার করবে না যে এ সন্তান তারই।”
“ গেল সপ্তাহটা মেল বি’র একেবারে জঘন্যভাবে কেটেছে। সারাক্ষনই কেঁদেছে সে। ডিএনএ টেস্ট ছিল শেষ উপায় যা দিয়ে সে বিষয়টা নিশ্চিত করতে পারে। এখন সে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে।”
গত বছর মাস ছয়েক মার্ফি ও মেল বি জুটির মধ্যে অভিসার চলেছিল। এক টেলিভিশন শোতে এডি মার্ফি ‘আমাদের মধ্যে আর কোন সম্পর্ক নেই’ বলে ঘোষনা দেয়ার পর এর অবসান ঘটে। মেল বি নিজেকে অন্তঃসত্তা ঘোষণা করার ১ মাস পরে ২০০৬ সালের নভেম্বরে মার্ফি এক ওলন্দাজ টেলিভিশন শোতে ওই সন্তানের পিতৃত্ব অস্বীকার করেন।
