সাউন্ডটেকের সঙ্গে পঞ্চমবারের মতো চুক্তি বদ্ধ হলেন আসিফ
২০০৬ সালের ফেব্রুয়ারিতে অডিও প্রযোজনা সংস্থা সাউন্ডটেকের সঙ্গে চতুর্থ মেয়াদের চুক্তি শেষ হয়ে যাওয়ার পর এবছর আবার সাউন্ডটেকের সঙ্গে পঞ্চম বারের মতো চুক্তিবদ্ধ হলেন গায়ক আসিফ আকবর।
তবে গত বছর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আসিফ ঘোষণা দিয়েছিলেন, তিনি আর সাউন্ডটেকের সঙ্গে কাজ করবেন না। এ ব্যাপারে বেশ কয়েকটি পত্রপত্রিকায় খবরও প্রকাশিত হয়।
ঘোষণা দিয়েও এ বছর আবার সাউন্ডটেকের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন কেন জিজ্ঞেস করায় আসিফ বলেন, “তখন পত্রপত্রিকায় যে খবর ছাপা হয়েছিলো তা সম্পূর্ণ ঠিক ছিলো না। আমি সাউন্ডটেককে কিছু শর্ত দিয়ে ছিলাম। সেসব শর্ত যদি তারা পূরণ করে তবে আমি আবার তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হবো-এরকমই ছিলো বিষয়টা। অনেক সময় নিয়ে চিন্তাভাবনার পর তারা জানিয়েছে, আমার দেয়া শর্ত মানতে তারা রাজি। তাই আবার তাদের সঙ্গে চুক্তি বদ্ধ হলাম। তবে এবার শুধু একক অ্যালবাম নিয়ে কাজ করবো সাউন্ডটেকের সঙ্গে। যৌথ, ত্রয়ী ও মিশ্র অ্যালবামের কাজ করবো অন্যান্য প্রযোজনা সংস্থা থেকে।”
সাউন্ডটেক থেকে ২০০১ সালে আসিফের প্রথম অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ প্রকাশিত হয়। এরপর এই প্রযোজনা সংস্থা থেকে চার মেয়াদে ৬ বছরে ১৮টি একক অ্যালবাম প্রকাশিত হয় তার।
