২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলিউডে দত্তক সন্তান নিয়ে পাগলামি

হলিউডে সন্তান দত্তক নেয়ার ক্ষেত্রে অ্যাঞ্জেলিনা জোলিই যে প্রথম তা নয়, তবে জোলির সুবাদেই বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে। একের পর এক সন্তান দত্তক নিয়ে ভক্তসহ অনেকের মনেই কৌতুহল ও প্রশ্নের জন্ম দিয়ে চলেছেন এই তারকা। অনেকেই বলছেন, এটা বাড়াবাড়ি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 06:52 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

এটা অপত্যস্নেহ বা মানবপ্রেমের প্রকাশ নয়, স্রেফ পাগলামি। তারকাদের পাগলামি যে কেবল ব্রিটনি স্পিয়ারস স্টাইলেই হতে হবে এমন কোন কথা নেই। কেউ কেউ এমন অভিযোগও তুলেছেন, দত্তক সন্তানদের নিয়ে ব্যতিব্যস্ত জোলি নিজের গর্ভজাত সন্তানের প্রতিও নজর দিতে ভুলে গেছেন। ম্যাডক্স, প্যাক্স বা জাহারার ব্যাপারে তিনি যতটো যত্নবান তার সিকিভাগও দেখা যায় না শিলোহ’র বেলায়।

লাইফস্টাইল ম্যাগাজিন ‘লাইফ অ্যান্ড স্টাইল’ এর সঙ্গে এক আলাপচারিতায় জোলির নিকটজনরাই বলেছেন যে, জোলি তার নিজের ১০ মাস বয়সী বাচ্চার ব্যাপারে মোটেই মনোযোগী নন, শিলোহ’র পুরো দেখাশোনা ব্রাড পিটই করেন। “শিলোহ’র ডায়াপার চেঞ্জ করা বা সে যখন কাঁদে তাকে কোলে নেয়া এসব কিছুই করেন না জোলি। শিলোহ কাঁদলে উল্টো পিটের কাছে অভিযোগ করেন, ওর কান্না অন্য বাচ্চাদের বিরক্ত করছে।”

জোলির এই আচরণে অনেকেই বিরক্ত। সম্প্রতি দত্তক নেয়ার কথা ঘোষণা করতে গিয়ে হ্যালি বেরিও জোলিকে ইঙ্গিত করে বলেছেন, “আমি যদি নিজে সন্তান ধারণে অক্ষম হই তাহলেই কেবল আমি দত্তক নেবো।” মা হওয়ার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন এই ক্যাটওম্যান।

তবে জোলির দত্তক নেয়ার বিষয়টি পেনিলোপি ক্রুজকে ভালই প্রভাবিত করেছে। জোলির পদাঙ্ক অনুসরণ করে এই স্প্যানিশ তারকাও দত্তক নেয়ার আকাঙ্খা ব্যক্ত করে বলেছেন, “অব্যশই আমি বাচ্চাকাচ্চা চাই। আমার নিজের বাচ্চা ছাড়াও আমি চাই দত্তক নিতে। দত্তক না নিলে আমার জীবনটা পরিপূর্ন হবে না বলে আমার মনে হয়েছে।”

সাবেক প্রেমিক ম্যাথিউ ম্যাককনাফের সাথে সম্পর্ক চুকে বুকে যাওয়ার পর নিজেকে একাকী দাবি করলেও সম্প্রতি অরল্যান্ডো ব্লুম ও জস হারনেটের সাথে তার গোপন সম্পর্ক নিয়ে বিভিন্ন পত্রিকায় খবর ছাপা হয়েছে।

ওদিকে আরেকটি মালাবি শিশু দত্তক নেয়ার কথা ঘোষণা করেছেন ম্যাডোনা। গ্রেস নামের তিন বছরের এই বালিকাকে দত্তক নেয়ার খবর জানিয়েছে লন্ডনের দি সান ট্যাবলয়েড। তবে ম্যাডোনা এই খবরের সত্যতা স্বীকার করেননি। গত বছর একবছর বয়সী মালাবি বালক ডেভিড বান্দাকে দত্তক নেয়ার পর বিষয়টির আইনি বৈধতা নিয়ে ব্যাপক আলোচনা হয়। সূত্র : ওয়েবসাইট।