ফোর্বসে সেলিব্রেটিদের ব্যয়বহুল বিবাহ বিচ্ছেদের তালিকা
হলিউড সেলিব্রেটিদের নিয়ে একটা কথা প্রচলিত আছে, যে যত বড় তার পতনটাও ততই ভয়াবহ। সাধারনত কথাটা বলা হয় তাদের বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে। কথাটার সত্যতা মেলে তাদের বিবাহ বিচ্ছেদ বাবদ খরচের বহর দেখে।
বিখ্যাত লাইফস্টাইল ম্যাগাজিন ফোর্বস তাদের সাম্প্রতিক সংখ্যায় সেলিব্রেটিদের বিবাহ বিচ্ছেদে কার ক্ষেত্রে কত বেশী খরচ হয়েছে তার একটা তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় প্রথম সারিতে আছেন সাবেক বাস্কেটবল খেলোয়ার মাইকেল জর্ডান, গায়ক ও গীতিকার নেইল ডায়মন্ড এবং অস্কার বিজয়ী পরিচালক স্টিভেন স্পিলবার্গ এর মতো নামকরা ব্যক্তিরা।
১৯৮৯ সালে শিকাগো ব্যাংক অফিসার জুয়ানিটা ভ্যানয়ের সঙ্গে জর্ডানের বিয়ে হয়। ২০০২ সালের জানুয়ারিতে ভ্যানয় বিবাহ বিচ্ছেদের মামলা করেন। তাৎক্ষনিকভাবে মীমাংসা হলেও ২০০৬ সালে তিনি ফের মামলা করেন এবং জর্ডানের কাছে ১৫০ মিলিয়ন আমেরিকান ডলার দাবি করেন। মামলাটি নিষ্পন্ন হলে, ফোর্বস ম্যাগাজিন মন্তব্য করেছে, এটিই হবে হলিউডের সবচেয়ে ব্যয়বহুল বিবাহ বিচ্ছেদ।
তালিকায় জর্ডানের নিকটতম প্রতিদ্বন্ধী দ্বিতীয় স্থান অধিকারী গায়ক ও গীতিকার নেইল ডায়মন্ড। বিবাহবিচ্ছেদের কারণে তার স্ত্রী টেলিভিশনের প্রযোজনা সহকারী মারসিয়া মারফিকে প্রায় ১৫০ মিলিয়ন আমেরিকান ডলার দিতে হয়েছিল। নেইলের অ্যালবাম ‘টাচিং ইউ, টাচিং মি’ প্রকাশের আগে ১৯৬৯ সালে নেইলের সাথে মারফির বিয়ে হয়। ১৯৯৬ সালে তাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়। বিচ্ছেদের পর ডায়মন্ড ফোর্বসকে জানায়, বিবাহিত জীবনে তার দ্বিতীয় স্ত্রী মারফি যে সেবা ও অনুরাগ দেখিয়েছে সে হিসেবে ওই অর্থ তার প্রাপ্য।
স্টিভেন স্পিলবার্গ প্রথম বিয়ে করেন অভিনেত্রী এমি আরভিংকে। ১৯৮৯ সালে তাদের বিচ্ছেদ হয়। ছবি তৈরি করে যে অর্থ উপার্জন করেছিলেন স্পিলবার্গ তার অর্ধেকটা স্ত্রীকে দিয়ে দিতে হয়েছিলো। এর পরিমান ছিলো ১০০ মিলিয়ন আমেরিকান ডলার। ফোর্বসের র্যাংকিং এ তিনি আছেন তৃতীয় অবস্থানে।
তালিকায় চতুর্থ অবস্থানে আছেন অভিনেতা হ্যারিসন ফোর্ড। বিবাহবিচ্ছিন্ন দ্বিতীয় স্ত্রী মেলিসা ম্যাথিসনকে প্রায় ৮৫ মিলিয়ন আমেরিকান ডলার দিয়েছিলেন ফোর্ড।
৫ম অবস্থানে আছেন অভিনেতা কেভিন কস্টনার। প্রথম স্ত্রী সিনডি সিলভাকে তিনি দিয়েছিলেন ৮০ মিলিয়ন ডলার ।
৬ষ্ঠ অবস্থানে আছেন বিটলসের প্রতিষ্ঠাতা পল ম্যাকার্টনি ও সাবেক মডেল হিথার মিলস এর মধ্যকার অমীমাংসিত বিবাহ বিচ্ছেদ এর ঘটনা। মিলস স্যার পলের ৭০০ মিলিয়ন ডলার সম্পদের মধ্যে প্রায় ৬০ মিলিয়ন ডলার সংগ্রহ করতে পারবেন বলে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে ফোর্বস।
আরেক রক সুপারস্টার রোলিং স্টোনের মিক জিগার আছেন ১০ম স্থানে। টেক্সাসের সুপার মডেল জেরি হলের সাথে বিবাহ বিচ্ছেদের মামলায় তার সম্পত্তির সামান্য অংশ (যার মুল্য হবে প্রায় ১৫ থেকে ২৫ মিলিয়ন ডলার) ব্যয় করেই রেহাই পান তিনি। কারন ১৯৯০ সালে বালিতে অনুষ্ঠিত তাদের বিয়ে আইন সিদ্ধ কিনা সেই প্রশ্ন তোলেন এবং তাতে তিনি বিজয়ী হন।
এই তালিকায় ৭ম স্থানে আছেন ফিল্ম পরিচালক জেমস ক্যামেরন। বিবাহ বিচ্ছেদের কারনে তার স্ত্রী লিনডা হ্যামিল্টনকে দিতে হয়েছে ৫০ মিলিয়ন ডলার যা তার টাইটানিক চলচ্চিত্র থেকে উপার্জিত টাকার অর্ধেক। ৮ম স্থানে আছেন অভিনেতা মাইকেল ডগলাস। তিনি তার স্ত্রী ডিয়ান্ড্রাকে ৪৫ মিলিয়ন ডলার দিয়েছিলেন এই বাবদে। ৯ম অবস্থানে আছেন গায়ক লায়োনেল রিচি। তিনি তার দ্বিতীয় স্ত্রী ডায়েনকে বিবাহ বিচ্ছেদ বাবদ দিয়েছেন ২০ মিলিয়ন ডলার।
