সুরঞ্জলি’র বিরুদ্ধে মামলা করেছে আসিফ ও মনির খান
বিনা অনুমতিতে অ্যালবাম বাজারে ছাড়ায় সুরঞ্জলির বিরুদ্ধে মামলা করেছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর ও মনির খান। ১১ এপ্রিল রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেন তারা। মামলার নম্বর ২৪। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে খবরটি জানিয়েছেন আসিফ ও মনির খান।
আসিফ জানান, মিউজিক জোনের সঙ্গে তিনি, মনির খান ও এসডি রুবেল অ্যালবাম প্রকাশের চুক্তি করেন। কিন্তু ওই অ্যালবামগুলোর মধ্যে আসিফ ও মনির খানের অ্যালবাম মিউজিক জোনের কাছ থেকে কিনে নেয় সুরঞ্জলি। এবং গায়কদের অনুমতি না নিয়েই তারা তা প্রকাশ করে।
এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে আসিফ ও মনির খান ৩০ লাখ টাকা ক্ষতিপুরণ দাবি করে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ সুরঞ্জলির দোকানে গিয়ে সেখানের মালামাল জব্দ করে ও দোকানের ২ কর্মচারীকে আটক করে। এই ঘটনার পর থেকে সুরঞ্জলির স্বত্বাধিকারী কাইয়ূম খান পলাতক।
আসিফ জানিয়েছেন, ১২ তারিখে মামলাটি আদালতে উঠবে। ঘটনার বিস্তারিত জানিয়ে একই দিনে দুপুর বারোটায় বেইলি রোডের রেকর্ডিং স্টুডিও অডিও আর্টে একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন করেছেন তারা।
