আল কায়েদা নিয়ে বানানো ছবিতে অভিনয় করবেন ডিক্যাপ্রিও
আল কায়েদা নেতাকে খুঁজে বেরানো এক সিআইএ এজেন্টের ভুমিকায় অভিনয় করতে যাচ্ছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবির নাম ‘বডি অফ লাইজ’। পরিচালক রিডলি স্কট।
ছবিতে সাংবাদিক থেকে গোয়েন্দার চাকরিতে যোগ দেয়া ডিক্যাপ্রিও বিশেষ দায়িত্ব নিয়ে জর্ডানের রাজধানী আম্মানে যান। সেখানে জর্ডান ইন্টেলিজেন্সের সহায়তায় আমেরিকায় আক্রমনের চক্রান্ত করছে এমন এক আল কায়েদা নেতাকে খুঁজতে থাকেন তিনি।
‘নাইন ইলেভেনে’র ঘটনাকে স্মরণ করিয়ে দেয়া চলচ্চিত্রটির কাজ শুরু হবে মরক্কোতে এ বছরের শেষ নাগাদ। মধ্যপ্রাচ্য ছাড়াও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও ইউরোপে ছবির চিত্রায়নের কাজ হবে।
ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ডেভিড ইগনাটিয়াসের কাহিনী অবলম্বনে ছবির চিত্রনাট্য লিখেছেন ‘দি ডিপার্টেড’ এর চিত্রনাট্যকার উইলিয়াম মোনাহান। এর আগে রিডলি স্কটের জন্য মধ্যপ্রাচ্যের পটভূমিতে মোনাহান ‘কিংডম অফ হেভেন’ ও ‘ত্রিপলি’ নামে দুটি চিত্রনাট্য লিখেছেন। এর মধ্যে ‘ত্রিপলি’ এখনো চিত্রায়িত হয় নি।
