লকারবি বোমা হামলা নিয়ে চলচ্চিত্র হচ্ছে
১৯৮৮ সালের কুখ্যাত লকারবি বোমা হামলার উপর ভিত্তি করে চলচ্চিত্র তৈরি হচ্ছে হলিউডে। প্যান অ্যাম ফ্লাইট ১০৩ এর উপর ওই বোমা হামলায় ২৭০ জন মানুষ মারা যায়। চলচ্চিত্রটির চিত্রনাট্য তৈরি করছেন হোয়েল রাইডার খ্যাত নিউ জিল্যান্ডের নিকি কারো। খবর বিবিসি’র।
বোমা হামলার ফলে বিমানটি স্কটল্যান্ডের লকারবি এলাকায় ভেঙে পরে। এর ফলে লকারবির ১১ জন অধিবাসী মারা যায়। লিবিয়ার আবদেল বাসেত আলী মোহাম্মদ আল মেগরাহি ওই বোমা হামলা দায়ে অভিযুক্ত হন।
ছবির কাহিনী গড়ে উঠছে কেন ডর্নস্টেইনের স্মৃতিকথা ‘দি বয় হু ফেল আউট অফ দি স্কাই’ এর উপর ভিত্তি করে। বইটি ২০০৬ সালে প্রকাশিত হয়। এতে লেখক কেনের ভাই ডেভিডের কথা বর্ননা করা হয় যে ওই বিমান হামলায় মারা গিয়েছিল।
নিকি কারো জানান, বর্তমানের প্রেক্ষাপটে ছবিটি নির্মিত হবে এবং ফ্লাশব্যাকের মাধ্যমে ওই বোমা হামলার কাহিনী তুলে ধরা হবে।
