মিস ইন্ডিয়া ২০০৭ হলেন সারাহ জেন ডায়াস
মুম্বাইয়ের মেয়ে সারাহ জেন ডায়াস মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০০৭ নির্বাচিত হলেন। প্রথম রানার আপ মিস ইন্ডিয়া ইউনিভার্স হয়েছেন পুজা গুপ্তা ও দ্বিতীয় রানার আপ মিস ইন্ডিয়া আর্থ হয়েছেন পুজা চিতগোপেকার। ৮ এপ্রিল মুম্বাইয়ের বান্দ্রায় আড়াই ঘন্টাব্যপী চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্টিত হওয়ার পর এই শিরোপা বিজয়ের ঘোষণা দেওয়া হয়। খবর পিটিআইয়ের।
বরবারের মতো এবারেও মিস ইন্ডিয়া প্রতিযোগিতার আয়োজক ছিল ফেমিনা। এই প্রতিযোগিতা থেকে নির্বাচিত বিজয়ীদের মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড ও মিস এশিয়া পেসিফিক প্রতিযোগিতাগুলিতে পাঠানো হবে।
আড়াই ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত চুড়ান্ত প্রতিযোগিতায় বিচারকদের মধ্যে ছিলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত, প্রিয়াঙ্কা চোপড়া, সুভাষ ঘাই ও মডেল উজালা রাউত।
চুড়ান্ত পর্বে ৫ জন ফাইনালিস্টকে যে সব প্রশ্ন করা হয় তার একটি এরকম, “ কোন গ্রাম্যবালাকে যদি মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করানোর দায়িত্ব দেয়া হয় আপনাকে তাহলে তাকে কী বলে কনভিন্স করবেন আপনি?”
চুড়ান্ত পর্বে তুষার কাপুর, কোয়েনা মিত্র এবং লারা দত্তের অংশগ্রহণ অনুষ্ঠানের ঔজ্জল্য বাড়িয়ে দিয়েছিল।
২৪ জন প্রতিযোগীর সাথে লড়ে এই শিরোপা পেয়েছেন ভিজে ও মডেল সারাহ। তার বাবা ওমানের মাসকাট তেল কোম্পানির মার্কেটিং ম্যানেজার। সারাহ দীর্ঘদিন মাসকাটে কাটিয়েছেন।
নাটক ও সঙ্গীতে সারাহ’র বিপুল আগ্রহ। এর আগে ১৯৯৭ সালে ওমানের এক প্রতিযোগিতায় মিস ইন্ডিয়া-ওমান নির্বাচিত হন তিনি।
প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সারাহ’র বাবা ইউস্টেস ডায়াস বলেন, “ মিস ইন্ডিয়া হওয়ার স্বপ্ন ওর বাল্যকাল থেকেই।”
সারাহ’র বোন এলেন ডায়াসও বলেছেন একই কথা। তারা চান এখন অন্য দায়িত্ব শুরু করার আগে সারাহ যেন মাসকাটে এসে তাদের সাথে মাসখানেক কাটিয়ে যায়।
