আজিজুল হাকিমের পরিচালনায় অস্ট্রেলিয়ায় মঞ্চস্থ হবে ‘আজম খানা’
সিডনি নাট্যমের আয়োজনে দেশের ১৪ জন শিল্পী যাচ্ছেন অস্ট্রেলিয়াতে। নাচ, গান ও নাটক নিয়ে আয়োজন করা এই অনুষ্ঠানটি পুরোটাই হবে মঞ্চ ভিত্তিক।
আগামী ২০ মে অস্ট্রেলিয়ার সিডনির সিডনি টাউন হলে হবে এই অনুষ্ঠান। এতে গানে অংশ নেবেন মমতাজ ও আসিফ। নৃত্য পরিবশন করবেন মডেল অভিনেত্রী রোমানা। আর নাটকে অংশ নেবেন জয়, রোমানা, আজিজুল হাকিমসহ সেখানের স্থানীয় বাঙ্গালিরা।
‘আজম খানা’ নাটকটি পরিচালনা করছেন আজিজুল হাকিম।
এই সাংস্কৃতিক দলের কলাকুশলীদের মধ্যে কিবোর্ডে আছেন পার্থ প্রতিম আচার্য, গিটারে ইফতেখার উদ্দিন সোহেল, ড্রামসে মানিক। ১৪ জনের দলটির সমন্বয়কারী হচ্ছেন মোতাহার হোসেন চৌধুরী।
সিডনি নাট্যমের প্রেসিডেন্ট রহুল আহমেদ জানান, “প্রবাসে তারা প্রায়ই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। মূলত বিভিন্ন ধরনের সেবামুলক কাজের তহবিল সংগ্রহের জন্যই এই আয়োজন করা হয়।”
