২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হার্লির শ্বশুর ছেলের উপর দারুন ক্ষুদ্ধ

ছেলের উপর দারুন খেপেছেন ব্রিটিশ অভিনেত্রী লিজ হার্লির শ্বশুর ও অরুন নায়ারের বাবা বিনোদ নায়ার । তার সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণাও দিয়েছেন তিনি। তাদের সম্প্রতি অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে বাবা-মাকে যথাযোগ্য মর্যাাদা দেখানো হয়নি বলে বিনোদ অভিযোগ করেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 05:53 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

লন্ডনের ‘সানডে মিরর’ পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে বিনোদ নায়ার বলেন যে, ছেলের বিয়ের অনুষ্ঠানে তিনি ও তার স্ত্রী জনসমক্ষে অপমানিত হয়েছেন। “লিজ ও অরুন আমাদের খুবই তুচ্ছতাচ্ছিল্য করেছে। এতে আমি দারুন কষ্ট পেয়েছি।” বলেছেন নায়ার।

গত মাসে লন্ডন ও ভারতে এই বিয়ের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন স্যার এলটন জন, এলি ম্যাকফারসনের মতো তারকারা।

৬৬ বছর বয়স্ক বিনোদ বলেন, “বিয়ের অনুষ্ঠানে আমাদের পেছনের সারিতে ঠেলে দেওয়া হয়েছিল, যেন আমরা তার দুর সম্পর্কের কোন আত্মীয়। ওদের এই আচরণে আমার মন ভেঙে গেছে।”

“আমি ঠিক করেছি ছেলের সাথে আর কোন সম্পর্ক রাখবো না।” ক্ষুদ্ধ কন্ঠে এ কথা বলে বিনোদ নায়ার জানান, বিয়ের পর থেকে এখন পর্যন্ত তিনি ছেলে বা পুত্রবধুর সাথে কোন কথা বলেন নি।

ইতোমধ্যে অরুনকে একটা চিঠি লিখেছেন বিনোদ নায়ার। তাতে অভিযোগ করেছেন, “ তোমার অফিস বয়দের সাথে যেরকম আচরণ করো সেরকমই করেছো তুমি আমার সাথে।” আক্ষেপ করে তিনি ওই চিঠিতে আরো লেখেন, “ আমার এবং আমার পরিবার ও বন্ধুদের তুমি অপমান করেছো। অথচ তোমার জন্মের পর থেকে বড় হয়ে ওঠা অব্দি আমরাই ছিলাম তোমার সাথে।”

বিনোদ নায়ার ভারতের পোশাক শিল্পের অন্যতম একজন উদ্যোক্তা ব্যবসায়ী।