২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হবু শাশুড়ির সাথে খটমট শুরু হয়ে গেছে ঐশ্বরিয়ার

বউ শাশুড়ির চিরকালীন বিরোধ থেকে রেহাই নেই অ্যাশ বচ্চনেরও। ইয়ে হ্যায় তু তু ম্যায় ম্যায়। তবে কিনা একটু দ্রুতই, বিয়ের পিড়িতে বসার আগেই, তাদের খটমট শুরু হয়ে গেলো।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 04:02 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

তরকারির লবণ থেকে শুরু করে রাজনৈতিক পছন্দ অপছন্দ যে কোন কিছু নিয়েই এই ধ্রুপদী বিতর্ক শুরু হতে পারে। এক্ষেত্রে বিরোধের সূত্রপাত বিয়ের পোশাক নিয়ে।

অ্যাশের বহুদিনের সাধ তার পছন্দের ডিজাইনার নীতা লুলাকে দিয়ে তার বিয়ের পোশাক করাবেন। কিন্তু জয়া ভাদুড়ির ইচ্ছে কাজটা আবু জানি আর সন্দীপ খোসলা করুক। এই দুই গুণী ডিজাইনার লন্ডনের মাদাম তুসোতে অমিতাভের যে মূর্তিখানি আছে তার পোশাক তৈরি করেছিল।

বিয়ের পোশাক নিয়ে এই মতভেদের কারণে বিয়ের আগেই বউ-শাশুড়ির সম্পর্কটা কেঁচে যায় কিনা তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পরেছিলেন পরিবারের লোকজন। কারণ জয়া বচ্চন কম কথার ঠান্ডা মেজাজের মানুষ। ওদিকে অ্যাশও ‘আইস মেইডেন’ নামে পরিচিত আগে থেকেই। দুজনেই ভাঙবে তবু মচকাবে না ধাঁচের।

যশ চোপড়া বছর দশেক আগে নীতার সাথে ঐশ্বরিয়ার পরিচয় করিয়ে দেয়। নীতার কাজে অ্যাশ মুগ্ধ হন। দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যায়। এর পর থেকে নীতাই তার সব পোশাকের ডিজাইন করে আসছেন। উমরাও জান, দেবদাস, তাল, হাম দিল দে চুকে সনম ইত্যাদি ছবিতে অ্যাশের সব পোশাক নীতারই ডিজাইন করা। এছাড়াও কান ফেস্টিভালে বা অন্যান্য পার্টিতেও তিনি কী পরে যাবেন সেটাও ঠিক করে দেন নীতা।

ওদিকে জয়া’র সব সময়ের পছন্দ জানি আর খোসলা। বিশেষ করে মাদাম তুসোতে অমিতাভের মোমের মুর্তির জন্য যে পোশাক ডিজাই করেছেন এরা তা দেখে তিনি দারুণ খুশি। তার ধারণা অ্যাশের বিয়ের সবচেয়ে ভাল পোশাক এরাই বানাতে পারবে।

বিরোধ তুঙ্গে ওঠার আগেই অ্যাশের মা বৃন্দা রায় তা সামাল দেওয়ার চেষ্টা করছেন। উভয়পক্ষকে তুষ্ট করে সমস্যার সমাধান করার উদ্যোগ নিয়েছেন এই বুদ্ধিমতি মহিলা। কনের মা হওয়ার সুবাদে তাকে বেশ সতর্কভাবে পদক্ষেপ নিতে হয়েছে।

ফলাফল হলো এই, এখন নীতা লুলা অ্যাশের জন্য করবেন একটা সোনালি জরির এমব্রয়ডারি করা শাড়ি যেটা তিনি পরবেন বিয়ের দিনে। আর ১৮ তারিখে মেহেদীর দিনে অ্যাশ পরবেন একটা লাল জরির এমব্রয়ডারি করা ঘাঘরা চোলি, এটারও ডিজাইন করবেন নীতা লুলা।

আর ১৯ তারিখে তাদের বিয়ের সঙ্গীতানুষ্ঠানে যে পোশাক পরবেন তার ডিজাইন করবেন আবু-সন্দীপ।

বিয়েতে বৃন্দা তার মেয়েকে পারিবারিক উত্তরাধিকার সূত্রে পাওয়া এবং তার নিজের সংগ্রহ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অলঙ্কার উপহার দেবেন।

বলিউডের বহুল আলোচিত এই বিয়ে অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল। সূত্র : ওয়েবসাইট।