২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাড়া হচ্ছেন হ্যালি বেরি

বয়স তার ৪০, কিন্তু এখনো হলিউডের অনেক উঠতি তারকার চেয়েও আবেদনময়ী হ্যালি বেরি। সামনের ছবিতে ভিন্ন আবেদন নিয়ে হাজির হবেন বন্ড চলচ্চিত্র ‘ডাই অ্যানাদার ডে’র এই তারকাকে। পুরো ন্যাড়া মাথায় দেখা যাবে তাকে ‘ন্যাপিলি এভার আফটার’ নামের ওই কমেডি ছবিতে। এই গ্রীষ্মেই শুরু হবে ছবির শুটিং। জানিয়েছেন হ্যালি বেরি নিজেই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 05:56 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

“আমি আমার মাথা কামিয়ে ফেলছি। ব্যাপারটা আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না।” বলেছেন বেরি।

ছবিতে বেরি এমন এক রমনীর চরিত্রে অভিনয় করছেন যারা চুল পড়ার সমস্যা রয়েছে। ফলে একসময় সে সিদ্ধান্ত নেয় যে সে মাথা কামিয়ে ফেলবে। পরে লোকজনের সঙ্গে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি।

বেরি জানান, চরিত্রটির ভিতর দিয়ে ‘সৌন্দর্য্য জিনিসটা আসলে কী, সত্যিকার সৌন্দয্য যে মনের সৌন্দয্য’ সেটাই ফুটিয়ে তোলা হয়েছে।

বেরি বলেন, “চুলের সমস্যা নিয়ে আমি নিজেও ভুগছি। এ ছবিতে অভিনয়ের সুবাদে আশা করছি আমি এবং আমার মতো অন্য মহিলারও কিছু শিক্ষা পাবো।”

ছবির প্রয়োজনে বিশেষ ধরনের টুপি পড়ার বদলে নিজের মাথাই কামিয়ে ফেলার পরিকল্পনা করেছেন বেরি। তবে ন্যাড়ামাথার বেরিকে দেখতে দর্শকদের অনেকদিন অপেক্ষা করতে হবে। কারণ ‘ন্যাপিলি এভার আফটার’ এর খসড়া সম্পন্ন হয়েছে মাত্র। ছবির কাজ শুরু হতে দেরি আছে।

বেরি সদ্য সমাপ্ত ছবি ‘পারফেক্ট স্ট্রেঞ্জার’ যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ১৩ এপ্রিল। এক হত্যা তদন্তের কাহিনীনির্ভর ছবিটিতে বেরি একজন রিপোর্টারের ভুমিকায় অভিনয় করেছেন।

দু বার বিবাহ বিচ্ছেদের পর বর্তমানে তার চেয়ে বয়সে ১০ বছরের ছোট মডেল গ্যাব্রিয়েল অব্রির সঙ্গে অভিসার চালাচ্ছেন বেরি।