শাওন-টুটুলের গান নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করছেন তানিয়া আহমেদ
২০০৬ সালের বই মেলায় হুমায়ুন আহমেদের স্ত্রী অভিনেত্রী শাওনের সঙ্গে গায়ক এস আই টুটুলের একটি গানের অ্যালবাম বের হয়েছিলো। হুমায়ুন আহমেদের কথা ও সুরে অ্যালবামটির নাম ‘যে থাকে আঁখি পল্লবে’। প্রকাশ করেছিলো ইমপ্রেস অডিও ভিশন। এ বছর সেই অ্যালবামের গানগুলো নিয়ে মিউজিক ভিডিও তৈরী করছেন অভিনেত্রী তানিয়া আহমেদ।
মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন গায়ক গায়িকা দুজনই। আর শুটিং শুরু হয়েছে ৭ এপ্রিল থেকে। ইম্প্রেসের তেজগাঁওয়ের নতুন অফিসে শুরু হওয়া শুটিংয়ের প্রথম দিনে অংশ নেন এস আই টুটুল। তার অনুভুতি জানাতে গিয়ে বলেন, “একটা গান শোনার পর সেই গানের চিত্রায়াণ দেখতে খুবই ভালোলাগে। সেই জন্যই এই মিউজিক ভিডিওটি তৈরী করা হচ্ছে। আমার কাজ করতে বেশ লাগছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।”
মিউজিক ভিডিওটির পরিচালক তানিয়া আহমেদ জানান, “হুমায়ুন আহমেদ আমাকে এই কাজের দায়িত্ব দিয়েছেন। এটা আমার কাছে একটা বড় পাওয়া। আমি চেষ্ট করবো কাজটি ভালো ভাবে করতে।”
তানিয়া আহমেদের এটাই প্রথম মিউজিক ভিডিও’র কাজ নয়। এর আগে তিনি আইয়ুব বাচ্চু, জুয়েল, এস আই টুটুল সহ বেশ কয়েকজন শিল্পীর গানের ভিডিও তৈরী করেছেন।
