যীশুকে নিয়ে তৈরি চলচ্চিত্রের ব্যাপারে কোকের আপত্তি
যীশুকে দিয়ে পশ্চিমা চলচ্চিত্রকাররা অনেক কিছু করিয়েছেন। এবং সেসব নিয়ে আলোচনা বিতর্কও কম হয়নি। ‘ সেভেন কিলোমিটারস ফ্রম জেরুজালেম’ নামের এক ছবিতে কেন্দ্র করে আবারো এক বিতর্কের সুচনা হলো।
ওই চলচ্চিত্রে যীশু ক্যান থেকে কোকা কোলা পান করছেন-এমন একটা দৃশ্য জুড়ে দিয়েছেন ছবির পরিচালক। এটা নিয়েই প্রবল আপত্তি জানিয়েছে কোকা কোলা। এরই প্রেক্ষিতে পূর্ব পরিকল্পনামতো সামনের ইস্টারে আর ছবিটি মুক্তি পাচ্ছে না।
‘সেভেন কিলোমিটারস ফ্রম জেরুজালেম’ ছবির ওই দৃশ্যে এক বিজ্ঞাপনী সংস্থার নির্বাহীর সঙ্গে যীশুর সাক্ষাৎ ঘটে। তার মধ্য বয়সী জীবনে নানা সমস্যা দেখা দেয় তখন।
ছবির কাহিনী পরম্পরায় দেখা যাবে যীশু এক ক্যান কোক পান করছেন আর ওই বিজ্ঞাপন কর্মকর্তা সবিষ্ময়ে বলছে, “ ইশ্বর, কী দারুন সত্যায়ন’।
কোকা কোলা তাদের অভিযোগে বলেছে, তাদের ট্রেডমার্ক ব্যবহারের আগে চলচ্চিত্রকার কোন প্রকার অনুমতি নেননি। “আমাদের ব্রান্ডের প্রচারণার লক্ষ্যে যে সাবজেক্ট ব্যবহার করা হয়েছে সেটি যথাযথ হয়েছে বলে আমাদের মনে হয় না।”
“বিষয়টা আমরা ছবির প্রযোজককে লিখিতভাবে জানিয়েছিলাম। কিন্তু অত্যন্ত হতাশজনক বিষয় হলো, আমাদের অনুরোধটাকে তারা আমলেই নেয়নি।”
কোমল পানীয়র এই প্রতিষ্ঠানটি ওই ছবি দেখে দৃশ্যটি বাদ দেয়ার অনুরোধ করেন। কিন্তু ছবির প্রযোজক ও পরিচালক বলেন কাজটা খরচসাপেক্ষ এবং এতে সময়ও নষ্ট হবে অনেক।
এক সপ্তাহের বাদানুবাদের পর শেষতক ছবিটি গুড ফ্রাইডের সময় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত বাতিল হয়েছে। এবং সিদ্ধান্ত ছবিটি আরেক দফা সম্পাদনার পরে মুক্তি দেওয়া হবে। এর ফলে তিন সপ্তাহ পরে ছবিটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
