এই বৈশাখে টুটুলের একক ফোক অ্যালবাম
পহেলা বৈশাখ উপলক্ষে এস আই টুটুলের একটি অ্যালবাম বের হচ্ছে। তার এবারের অ্যালবামের গানের বৈশিষ্ট্য হচ্ছে এর সবগুলিই ফোকধর্মী মৌলিক গান। অ্যালবামটির নাম ‘জলের ভিতর জলের চলন’।
টুটুল জানান,“ আমার ‘ভবের হাট’ বা ‘রঙের মানুষ’ গানদুটি শুনে অনেক শ্রোতা আমার কাছে একটি ফোক অ্যালবাম করার অনুরোধ জানিয়ে আসছেন। কাছের অনেক মানুষের কাছে থেকেও এরকম আবদার শুনে আসছি। এটা একটা কারণ এই অ্যালবাম করার। আর আমার অনেক দিনের ইচ্ছে যে, লালন, হাসন রাজা, শাহ্ আব্দুল করিমের গান নিয়ে একটা অ্যালবাম বের করবো। তবে সেটা করার আগে নিজেকে একটু পরখ করে দেখতে চাই। বুঝে নিতে চাই আমার কণ্ঠে ফোক গান শ্রোতারা গ্রহণ করে কিনা। যদি করে তো কয়েক মাস পরে তাদের গান নিয়ে কাজ করবো। আর যদি না করে তো আর ফোক গানের অ্যালবাম করবো না।”
প্রথমেই লালন বা হাসন রাজার গান না করে কেন মৌলিক ফোক অ্যালবাম বের করছেন জানতে চাইলে টুটুল বলেন,“সোজা উত্তর হচ্ছে, শ্রোতারা যাতে বলতে না পারে-এখন তো নিজের গান চলে না, তাই পরের গান গায়। তাই আগে নিজের করা ফোক করি। শ্রোতারা গ্রহণ করলে অন্যের গান নিয়ে এগুবো। তবে এসব করবো শিল্পী হিসেবে দায়িত্ববোধ থেকে। কোন বানিজ্যিক উদ্দেশ্য এতে থাকবে না।”
‘জলের ভিতর জলের চলন’ তার দ্বিতীয় একক অ্যালবাম হলেও, টুটুল একে কোন সংখ্যায় ফেলতে চাননা। কারণ এটা তার ঘরানার বাইরের অ্যালবাম। কয়েক মাস পর তিনি তার মেজাজের গান নিয়ে করা অ্যালবাম বাজারে ছাড়বেন বলে জানিয়েছেন।
এস আই টুটুল এলআরবি ব্যান্ডে বহুদিন কিবোর্ড বাজিয়েছেন। এরপর ব্যান্ড ত্যাগ করে একক ক্যারিয়ার শুরু করেন। বিভিন্ন নাটকের টাইটেল সঙ্গীতের মধ্যে তার ‘রঙের মানুষ’ ও ‘ভবের হাটে’ গান দুটি বেশ শ্রোতাপ্রিয়তা পায়। তার প্রথম একক অ্যালবাম ‘বুকের শহরে তুমি’ বের হয় ২০০৪ সালে।
