এবার বিশেষ গীতিনাট্যের কেন্দ্রীয় চরিত্রে শিল্পা
বিগ ব্রাদার সেলিব্রিটি ঘটনার পর একের পর এক বড় ঘটনা ঘটে চলেছে শিল্পা শেঠীর জীবনে। সম্প্রতি এই বলিউড তারকা এক বিশেষ বলিউড গীতিনাট্যের কেন্দ্রীয় চরিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। গীতিনাট্যের প্রযোজক ফরহাদ হোসেন জানিয়েছেন এ খবর। গীতিনাট্যটি যুক্তরাজ্য ছাড়াও আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপে মঞ্চস্থ হবে।
গীতিনাট্যের শিরোনাম এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন ফরহাদ। তবে এ বছরের সেপ্টেম্বর নাগাদ এর মঞ্চায়ন শুরু হবে এটা একরকম নিশ্চিত।
বলিউডে বেশ কটি মেগা কনসার্টের আয়োজন করে ইতোমধ্যেই শো বিজনেসের অনেকের নজর কেড়েছেন ফরহাদ। গীতিনাট্যে ভারত ও যুক্তরাজ্যের মোট ৫২ জন শিল্পী অংশ নেবে।
এ ব্যাপারে শিল্পা শেঠী বলেন, “গীতিনাট্যটির ভাবধারা যদিও ভারতীয়, তবে এটা পুরোপুরি পশ্চিমা অনুভবকেও তুলে ধরবে। এটা একটা খুবই উচ্চাকাঙ্খী উদ্যোগ। আমি এই গীতিনাট্যে কাজ করার সুযোগ পেয়ে খুবই উত্তেজিত বোধ করছি।”
“যদি সবকিছু ঠিকমতো চলে তাহলে এটাই হবে সবচেয়ে বড় মঞ্চ আয়োজন যেখানে মুম্বাই ফিল্ম ইন্ড্রাস্ট্রি থেকে কেউ অংশ নিয়েছে।” জানিয়েছেন শিল্পা।
এই গীতিনাট্যে কাজ করার জন্য তার সময়সূচীও ঠিক করা হয়ে গেছে ইতোমধ্যে। প্রথম তিনমাস ইংলন্ডে শো করার পর আমেরিকা, অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশে যাওয়ার পরিকল্পনা করেছেন শিল্পা।
সূত্র : ওয়েবসাইট।
