নিউ ইয়র্কে স্পাইডার ম্যান থ্রি’র প্রিমিয়ার ৩০ এপ্রিল
স্পাইডার ম্যান থ্রি’র প্রিমিয়ার হবে ৩০ এপ্রিল ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে। নিউ ইয়র্ক উৎসব কর্তৃপক্ষের তরফ থেকে থেকে বুধবার জানানো হয়েছে এ তথ্য।
স্পাইডার ম্যানের অলটার ইগো পিটার পার্কারের জন্মশহর কুইন্সে হবে স্যাম রাইমি পরিচালিত জনপ্রিয় ট্রিলজির তৃতীয় পর্বের এই প্রদর্শনী। প্রিমিয়ারের আগে ‘স্পাইডার ম্যান উইক ইন নিউ ইয়র্ক’ নামে একটা ইভেন্ট চালু করারও পরিকল্পনা রয়েছে তাদের।
“স্পাইডার ম্যান থ্রি’র প্রিমিয়ার এবং ‘স্পাইডার ম্যান উইক’ আয়োজনের অংশীদার হতে পেরে ট্রিবেকা রীতিমতো রোমাঞ্চিত।” ট্রিবেকার সহ প্রতিষ্ঠাতা জেন রোসেনথাল এক বিবৃতিতে বলেছেন এ কথা।
১৬ এপ্রিল টোকিও থেকে যাত্রা শুরু হবে স্পাইডার ম্যান থি’র প্রিমিয়ার। ৮টি শহর ঘুরে নিউ ইয়র্কে এসে কলাম্বিয়া পিকচার্সের এই ছবিটির প্রিমিয়ার শেষ হবে।
বিশ্বব্যাপী ছবিটি একযোগে মুক্তি পাবে ৪ মে। টবি ম্যাগুইর ও ক্রিস্টেন ডান্সট অভিনীত এবারের পর্বে খলনায়ক হিসেবে থাকছেন ২ জন : স্যান্ডম্যান এর ভুমিকায় টমাস হেডেন চার্চ ও ভেনমের ভুমিকায় টফার গ্রেস।
ট্রিবেকা চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু ২০০২ সালে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর রবার্ট ডি নিরো ও রোজেনথাল লোয়ার ম্যানহাটনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে এই উৎসবের আয়োজন করেন।
ষষ্ট বারের মতো এই বার্ষিক আয়োজন শুরু হবে এপ্রিলের ২৫ তারিখ, শেষ হবে ৬ মে।
