বিক্রি হয়ে যাচ্ছে ‘নাইট রাইডার’
আশির দশকের বিখ্যাত সিরিয়াল নাইট রাইডারের কথা মনে আছে? সেই অসম্ভব সব কান্ড ঘটানো কথা বলা স্বয়ংক্রিয় গাড়িটি, যে আগুনের গোলা ছুড়ে মারতে পারতো, লাফ দিয়ে পার হয়ে যেতো নদী নালা! সম্প্রতি ঐতিহাসিক ওই গাড়িটি নিলামে উঠেছে। তবে ক্রেতাদের আগেই সাবধান করে দেয়া হয়েছে ওসব ক্ষমতার কিছুই বাস্তবে এই গাড়ি দেখাতে পারবে না সে।
ক্যালিফোর্নিয়ার ডাবলিনের এক অটো ডিলার ক্যাসাবিয়ান মোটরস গাড়িটির দাম হেঁকেছেন ১ লাখ ৪৯ হাজার ৯৯৫ ডলার। কালো রঙের ১৯৮২ মডেলের পন্টিয়াক ট্রান্স অ্যাম গাড়িটির অফিসিয়াল নাম ছিল নাইট ইন্ড্রস্ট্রিজ টু থাউজ্যান্ড বা কিট। মাসখানেক ধরে এটি বিক্রির চেষ্টা চলছে।
নাইট রাইডার সিরিজে ডেভিড হ্যাসেলহফ এই ক্যামেরা কারটি ব্যবহার করতেন যেটি ক্লোজ আপ ছবি তুলতে পারতো। ছবিতে ডেভিড মাইকেল নাইটের ভুমিকায় অভিনয় করেন। ছবির মতো বাস্তবের কিট ৩০০ মাইল বেগে চলা বা ৫০ ফুট উপর পর্যন্ত লাফিয়ে ওঠা বা স্মোক বোমা নিক্ষেপ এসবের কিছুই করতে পারে না।
গাড়িটির ড্যাশবোর্ডে দুটি ভিডিও স্ক্রিন ছিল। ককপিটে সবুজ, হলুদ আর লাল রঙের বাটন টিপে বিভিন্ন রকম কর্মকান্ড করা যেতো।
“এসব বাটনের অধিকাংশই কোন কাজে লাগে না”, জানিয়েছেন ডাবলিনের অটোডিলার ক্যাসাবিয়ান মোটরসের জনি ভারহোয়েক। “এ গাড়ি কথা তো বলতে পারেই না, নিজে নিজে চলতেও পারে না।”
“চলচ্চিত্রে এই গাড়ি অপরাধীদের ধাওয়া করে বেড়ালেও বাস্তবে এই গাড়ি নিয়ে রাস্তায় বের হলে রীতিমতো বিপদে পড়তে হবে এখন। স্মগ ইকুয়েপমেন্ট এবং আরো কিছু জরুরী জিনিস না থাকায় এটি আর রাস্তায় চলাচলের উপযোগী নেই। কিনে ঘরে সাজিয়ে রাখা ছাড়া এর আর কোন উপযোগিতা নেই।” বলেছেন জনি। তার ধারণা, কোন যাদুঘর হয়তো এটি কিনে নেবে।
গাড়ির মালিকানা বর্তমানে লিভারমোরের টিম রুশো’র। ১০ বছর আগে রুশো সান ডিয়েগোর এক নিলাম থেকে এটি কিনেছিলেন। এখন নাইট রাইডার সিরিয়ালের ২৫ বছর পুর্তি উপলক্ষে গাড়িটি বিক্রি করার সবচেয়ে উপযুক্ত সময় বলে ভাবছেন তিনি।
