জার্মানির টেলিভিশনে জন ট্রাভোল্টাকে নিষিদ্ধ করার দাবি
জার্মানির জনপ্রিয় একটি টেলিভিশন শোতে জন ট্রাভোল্টাকে নিষিদ্ধ করার আবেদন জানিয়েছেন সে দেশের সরকারি এক কর্মকর্তা। জন ট্রাভোল্টা সায়েন্টোলজি ধর্মের অনুসারী বলে তার এই আপত্তি। এর আাগে ‘লাগবা বাজী’ (Wanna Bet?) নামের এক অনুষ্ঠানে অতিথি তারকা হিসেবে জন ট্রাভোল্টাকে আমন্ত্রণ করার কথা জানিয়েছে অনুষ্ঠান কর্তৃপক্ষ। জেডডিএফ নেটওয়ার্কের মাধ্যমে অনুষ্ঠানটি প্রচারিত হয়ে থাকে।
ওই অনুষ্ঠানে অংশ নেয়া প্রতিযোগীরা অস্বাভাবিক স্টান্ট দেখিয়ে থাকেন। প্রতিযোগীরা কি সফল হবেন কিনা সে ব্যাপারে সেলিব্রেটিরা বাজী ধরেন। এই অনুষ্ঠানের দর্শক সংখ্যা প্রায় ১ কোটি ৩০ লাখ।
বাদেন-উয়েরটেমবার্গ রাজ্যের গভর্নর গুন্থার অটিঙ্গার ওই অনুষ্ঠানে জন ট্রাভোল্টাকে না আনার জন্য অনুষ্ঠান কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে। চার্চ অফ সায়েন্টোলজির সঙ্গে ট্রাভোল্টার সম্পর্ক থাকার কারণে গুন্থারের এই আপত্তি।
“মিস্টার ট্রাভোল্টাকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে আপনারা এই সংগঠনকে (চার্চ অফ সায়েন্টোলজি) একটি প্লাটফর্ম ব্যবহারের সুযোগ করে দিচ্ছেন যার মাধ্যমে তারা লাখ লাখ দর্শককে প্রভাবিত করতে পারবে।”
উল্লেখ্য জন ট্রাভোলন্টা ওই ধর্মীয় সংগঠনের একজন বিশিষ্ট সদস্য। সম্প্রতি জার্মানিতে সংগঠনটির অফিস খোলা হয়েছে। এই নব্যধর্ম এবং তাদের উদ্দেশ্য নিয়ে জার্মানির জনগন বিশেষ করে অভিভাবকরা খুবই উদ্বিগ্ন।
জেডডিএফ এর মুখপাত্র এবিসি নিউজকে জানিয়েছেন, “ মিস্টার ট্রাভোল্টা অবশ্যই অনুষ্ঠানে আসবেন। তাকে যে আমন্ত্রণ জানানো হয়েছে তা প্রত্যাহার করে নিলে চার্চ অফ সায়েন্টোলজিকে অহেতুক গুরুত্ব দেওয়া হবে। তাকে অনুষ্ঠানে আনার চেয়েও বেশি ক্ষতি হয়ে যাবে তখন।”
জন ট্রাভোল্টার পক্ষ থেকে জানানো হয়েছে, বিতর্কিত বিষয়টি নিয়ে তিনি কোন কথা বলবেন না।
সম্প্রতি ইউনাইটেড আর্টিস্ট প্রযোজিত একটি ছবিতে টম ক্রুজকে নেওয়ার ব্যাপারেও আপত্তি উঠেছে জার্মানি থেকে। ছবিতে হিটলারকে খুন করার উদ্যোগ নেয়া এক কর্নেলের ভুমিকায় অভিনয় করবেন ক্রুজ। উল্লেখ্য ক্রুজও সায়েন্টোলজি ধর্মের অনুসারী।
মার্কিন কল্পবিজ্ঞান লেখক রন হাবার্ড কর্তৃক উদ্ভাবিত ধর্ম সায়েন্টোলজি চালু হয় ১৯৫২ সালে। শারীরিক ও আত্মিক নানা সাধনার মাধ্যমে আত্মার মুক্তিই এর লক্ষ্য। বর্তমানে বিশ্বজুড়ে এর লক্ষাধিক অনুসারী রয়েছে।
