২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক যুদ্ধ নিয়ে ছবিতে ডেনজেল ওয়াশিংটন

ইরাক যুদ্ধ নিয়ে চারদিকেই নানা ক্ষোভ আর বিক্ষোভ। চলচ্চিত্রকর্মীরাও বসে নেই। তারা সেলুলয়েডের মাধ্যমে তুলে ধরছেন যুদ্ধবিরোধী নানান কর্মকান্ড আর যুদ্ধের ময়দানের মর্মস্পর্শী কাহিনী। হলিউডের অভিনেতা ডেনজেল ওয়াশিংটন এবার প্রযোজনা করতে যাচ্ছেন তেমনই ইরাক যুদ্ধে নিহত হওয়া এক সৈনিকের ডায়রী অবলম্বনে নির্মান করা চলচ্চিত্র। এতে তিনি নিজে অভিনয়ও করবেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 02:10 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

‘জার্নাল অফ জর্ডান’ নামের এই চলচ্চিত্রটির কাহিনী নেওয়া হয়েছে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত ডানা কেনেডির এক নিবন্ধ থেকে। সেই নিবন্ধে ডানা ইরাক যুদ্ধে নিহত হওয়া তার প্রেমিক ফার্স্ট সার্জেন্ট চার্লস মনরো কিং এর লেখা ২০০ পৃষ্ঠা ডায়রীর সারমর্ম তুলে ধরেছে। ডায়রীর পুরোটা জুড়েই কিং তাদের ছেলের উদ্দেশ্যে নানা ধরনের উপদেশ লিখে রেখে গেছেন।

৪৮ বছর বয়স্ক কিং বাগদাদে নিহত হন অক্টোবর মাসে। নিজের আদরের সন্তানের মুখ দেখার আগেই তাকে যেতে হয় ইরাকের রক্তাক্ত ময়দানে। কিন্তু যুদ্ধের এই ডামাডোলের মাঝে বারবারই তার মানসপটে হানা দেয় অনাগত সন্তানের মুখ। এতটুকু শান্তির সন্ধানে তিনি তার অব্যক্ত ভাবনাগুলো লিখে রাখেন ডায়রীর পাতায়। সেখানে তিনি নিজ জীবনের অভিজ্ঞতা আর ভাবনার আলোকে উপদেশ দিয়েছেন তার ছেলেকে। দিয়েছেন একটি যথোচিত জীবনের ফর্মুলা। আর তার প্রেমিকার উদ্দেশ্যে লিখে রেখে গেছেন কীভাবে একটি পিতৃহীন ছেলেকে জীবন সংগ্রামের জন্য তৈরী করতে হবে।   

ইতিমধ্যেই কাহিনীটির গ্রন্থস্বত্ব কিনে নিয়েছে কলম্বিয়া পিকচার্সের নির্মাতা প্রতিষ্ঠান এস্কপ আর্টিস্টস।