২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অফ সলিচিউড’ এর বিশেষ সংস্করণ প্রকাশ

একজন রাজা এবং ৮ জন রাষ্ট্রপতিসহ ১২০০ বিশিষ্ট ব্যাক্তিবর্গের উপস্থিতিতে ল্যাটিন আমেরিকার জীবন্ত কিংবদন্তী গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অফ সলিচিউড’ এর বিশেষ সংস্করণ প্রকাশিত হলো ২৬ মার্চ কলাম্বিয়ার কার্তাগেনায়। ডন কুইক্সটের পরে ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অফ সলিচিউড’কেই স্পেনিশ ভাষার সেরা কাজ বলে বিবেচনা করা হয়। রয়্যাল অ্যাকাডেমি অফ দি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ এর চতুর্থ কংগ্রেস শুরু উপলক্ষ্যে এই বিশেষ প্রকাশনার আয়োজন করে অ্যাকাডেমি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 07:58 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

কার্তাগেনার কনভেনশন সেন্টারে মার্কেজ যখন প্রবেশ করেন তখন তার পরনে ছিল সাদা স্যুট। এ বছরে আশিতে পা রাখা এই লেখক তার ১৩ মিনিটের ভাষণে বইটি রচনার সময় তার দারিদ্রক্লিষ্ট জীবনের ছবি তুলে ধরেন এবং কৃতজ্ঞতা জানান তার স্ত্রী মার্সেডিসের প্রতি। ওই বই লেখার ১৮ মাস মার্কেজ অন্য কোন কাজ করেন নি। সংসার নির্বাহের পুরো দায়িত্ব ছিল মার্সেডিসের উপর। তিনি তার গয়না বিক্রি করে ঘর ভাড়া মিটিয়েছে, তার এবং সন্তানদের অন্য সংস্থান করেছেন।

মার্কেজ বলেন, “ বইটা লেখা শেষ হলো ১৯৬৭ সালের আগস্টে। পান্ডুলিপিটা ডাক মারফত বুয়েনস আয়ারসের এক সম্পাদকের কাছে পাঠানোর জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে পোস্ট অফিসে গেলাম। গিয়ে দেখি পান্ডুলিপিটা একবারে পাঠানোর মতো পয়সা আমাদের নেই। তখন অর্ধেক পাঠালাম এই ভেবে যে সম্পাদক পছন্দ করলে বাকীটা পাঠাবো। পাঠানোর পরে খেয়াল করলাম প্রথম অর্ধেক না পাঠিয়ে ভুলবশতঃ দ্বিতীয় অর্ধেক পাঠিয়েছি। আমাদের কপাল ভালো, সম্পাদক পাকো পরুয়া শেষের অর্ধেকটা পরেই প্রথমার্ধের জন্য উদগ্রীব হয়ে সেটা পাঠানোর জন্য আমাদের অর্থও পাঠিয়ে দিলেন।”

ওই বছরই ছাপা হয় বইটি। ১৯৮২ সালে সাহিত্যে নোবেল পুরষ্কার পান মার্কেজ। বাংলাদেশে বইটি ‘শতবর্ষের নিরবতা’ নামে অনূদিত হয়েছে।

বইটির বিশেষ প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেনের রাজা কার্লোস, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, পানামার প্রেসিডেন্ট মার্টিন টোরিজো, উরুগুয়ের প্রেসিডেন্ট জুলিও মারিয়া সানগুইনেত্তি এবং কলাম্বিয়ার সাবেক চার রাষ্ট্রপতি।

ক্লিন্টন বলেন, “আমি মনেপ্রাণে বিশ্বাস করি উইলিয়াম ফকনারের পরে বিশ্বের সেরা লেখক হচ্ছেন মার্কেজ।” ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অফ সলিচিউড’ পাঠের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, “ ১৯৭২ সালে আইন পড়ার সময় বইটি আমার হাতে আসে। মনে আছে, শেষ না করে বইটি রাখতে পারিনি। এমনকি ক্লাস চলাকালেও লুকিয়ে পড়েছি।”

মার্কেজের সাথে ক্লিন্টনের প্রথম সাক্ষাৎ হয় ১৯৯৪ সালে।

স্পেনিশ ভাষায় বিশ্বের ৫০ কোটি লোক কথা বলে, ২১টি দেশের অফিসিয়াল এই ভাষার অবস্থান চীনা, ইংরেজি ও হিন্দির পরেই।

‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অফ সলিচিউড’ এর বিশেষ এই সংস্করণটি সোমবার থেকে বিক্রি শুরু হয়েছে। ‘ডন কুইক্সোটে’র পরে রয়্যাল অ্যাকাডেমি অফ দি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ কর্তৃক প্রকাশিত এটাই সবচেয়ে বড় আকারের বই। ১৬০৫ ও ১৬১৫ সালে সার্ভেন্টেসের ‘ডন কুইক্সোট’ দুই পর্বে প্রকাশিত হয়।