২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন দত্তক সন্তান প্যাক্স সম্পর্কে মুখ খুললেন জোলি

পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি তার নতুন দত্তক সন্তান প্যাক্স থিয়েন সম্পর্কে মুখ খুলেছেন। সেখানে তিনি প্যাক্সকে এক সাহসী বালক হিসাবে অভিহিত করেছেন। একটি নতুন দেশের নতুন পরিবার এবং নতুন ভাষার সঙ্গে প্যাক্স যেভাবে মানিয়ে নিয়েছে তাতে তিনি অভিভূত। একটি সবল ছেলে ছাড়া এতসব নতুন জিনিসের সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভন না বলে তিনি মনে করেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2007, 04:08 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

পিপল ম্যাগাজিনের এই নতুন সংখ্যাটি বাজারে আসবে এপ্রিলের দুই তারিখ। তাতে তিনি বলেন, “আপনি নিজেই কল্পনা করুন একটি নতুন পরিবেশের কথা যার চারদিকে সবই নতুন, সেরকম পরিবেশে সহজে মানিয়ে নিতে হলে অবশ্যই সাহসী হতে হবে। প্যাক্স সহজেই সবকিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছে।”

৩১ বছর বয়স্ক জোলি এ সপ্তাহের শুরুতে ভিয়েতনাম সফরে যান এবং সাড়ে তিন বছরের ভিয়েতনামী বালক প্যাক্সকে দত্তক নেন। দত্তক সংক্রান্ত সকল আনুষ্ঠানিকতা শেষে বুধবারে তিনি প্যাক্সসহ আমেরিকায় ফেরত আসেন।

এ নিয়ে জোলির দত্তক বাচ্চার সংখ্যা দাড়ালো তিনে। এছাড়াও শিলো নামে জোলির ঔরসজাত একটি কন্যাসন্তান রয়েছে।

“ এখন তার একটি পরিবার আছে এবং এটি স্থায়ী। পুরো বিষয়টুকু বুঝে উঠতে প্যাক্সের আরো বেশ কিছুদিন সময় লাগবে।” বিষয়টিকে জোলি ব্যাখ্যা করেন এভাবে, “প্যাক্স যাতে তার নতুন জীবনের সঙ্গে মানিয়ে উঠতে পারে এজন্য আমি ইদানিং বাসায় আরো বেশী করে সময় দেবো।”

জোলি ভিয়েতনাম থেকে আমেরিকায় ফেরার পরে কয়েকটি পত্রিকা রিপোর্ট করে, তার এবং প্যাক্সের বিশেষ কিছু ছবির বিনিময়ে পিপল ম্যাগাজিন জোলিকে দুই মিলিয়ন ডলার দিয়েছে। কিন্তু পিপলের মুখপাত্র অর্থের পরিমানটাকে মিথ্যে বলে দাবি করেছে।

পিপলের মুখপাত্র আরো জানায়, “জোলির সঙ্গে এ বিষয় নিয়ে দরকষাকষি হয়েছে কিনা সে বিষয়ে আমি কিছু বলবো না কিন্তু দুই মিলিয়নের তথ্যটা পুরোপুরিই ভুল।”

তিনি আরো জানান, ডলারের অংকটা সঠিক নয় এবং এজন্য যদি তিনি কোন অর্থ নিয়ে থাকেন তবে সেটা দাতব্য কাজেই ব্যবহৃত হবে।

জোলি তার পরিবার সম্পর্কে বলতে গিয়ে জানায়, “এ মুহূর্তে আমার চার সন্তান এবং তাদের সঠিক লালন পালন করাটাই আমার কাছে এখন বেশী গুরুত্বপূর্ণ। আমি তাদের মা হতে পেরে খুবই সুখী।”