২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বামী’ ছবিতে কোন নাচ গান থাকবে না!

বেদী (ওমকারা), মাস্তি কী পাঠশালা ( রং দে বাসন্তী), পেয়ার কা সিগনাল ( বাগাম বাগাম) এর মতো জনপ্রিয় সব হিন্দি গানের কোরিওগ্রাফার গনেশ আচার্য এবার আসছেন পরিচালক হয়ে। মনোজ বাজপেয়ী ও জুহি চাওলা অভিনীত তার প্রথম ছবি ‘স্বামী’র কাজ শেষ করেছেন ইতিমধ্যেই । এবং মজার ব্যাপার নিজে কোরিওগ্রাফার হলেও এ ছবিতে কোন নাচ গানের আয়োজন রাখেন নি তিনি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 03:18 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

ফারাহ খান, রাজু খান কিংবা আহমেদ খানও কোরিওগ্রাফার থেকেই এসেছিলেন পরিচালনায়। তাদেরই ধারাবাহিকাতায় এলেন গনেশ আচার্য। এ প্রসঙ্গে গনেশ বলেন, “ চার বছর ধরে ছবির গল্পটি আমি লিখেছি, ভেবেছিলাম অন্য কাউকে দিয়ে ছবিটি পরিচালনা করাবো।  কিন্তু লিখতে লিখতে মনে হলো এ ছবিটা আমারই করা উচিত।”

কি আছে ‘স্বামী’ ছবিটিতে? পরিচালক গনেশের ভাষ্য, “ স্বামী ছবিটি এমন এক মানুষের গল্প যে ভবিষ্যত দেখতে পায়। মূলত মানুষের মধ্যেকার পারস্পরিক ভালবাসাকেই ফুটিয়ে তোলা হয়েছে ছবিটিতে। ”

‘স্বামী’ ছবিতে জুহি চাওলা ও মনোজ বাজপেয়ীকে নেয়া প্রসঙ্গে গনেশ বলেন, “দক্ষিন ভারতের কোন নারীর চরিত্রে জুহির বিকল্প হয় না। আর তার স্বামীর চরিত্রে মনোজ বাজপেয়ীকেই মানায় বলেই তাকে নিয়েছি।”

ছবিটিতে নেপথ্য কন্ঠ দিয়েছেন অমিতাভ বচ্চন। গনেশ বলেন, “ কাকতলীয়ভাবে সহকারী কোরিওগ্রাফার হিসেবে আমার ক্যারিয়ার শুরু হয়েছিল ‘তুফান’ ছবির মাধ্যমে। ওই ছবির নায়ক ছিলেন অমিতাভজী। তখন থেকেই তার সঙ্গে আমার সর্ম্পক। স্বামীর চিন্তাটা মাথায় আসার পর থেকে ভেবেছি ছবিতে নেপথ্যে কণ্ঠদানের কাজটি করাবো অমিতাভজীকে দিয়ে।”

বলিউডের ছবি মানেই নাচ গান। কিন্তু এ ছবিটি এসব থেকে একেবারেই ব্যতিক্রম। টাইটেল সং ছাড়া আর কোন গানই থাকছে না ছবিটিতে। তবে, যেহেতু গনেশ মূলত কোরিওগ্রাফার, ফলে এ ছবিতে থাকছে অসাধারন কিছু কোরিওগ্রাফির কাজ।