২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে হাসপাতাল তৈরিতে অর্থ সহায়তা দিচ্ছেন ব্রাড - জোলি

একের পর এক দত্তক সন্তান নিয়ে মানবপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এঞ্জেলিনা জোলি ও ব্রাড পিট জুটি। তাদের মহৎ কর্মকান্ডকে এবারে তারা সম্প্রসারিত করেছেন চিকিৎসাখাতে। আফ্রিকা মহাদেশের সুদানে চিকিৎসা সুবিধা গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে এসেছেন তারা। সুদানের ডাক কাউন্টিতে একটা আধুনিক হাসপাতাল গড়ে তোলার জন্য জোলি - পিট ফাউন্ডেশন এর পক্ষ থেকে তারা ৫৫ হাজার পাউন্ড দান করার ঘোষণা দিয়েছেন। ডাক লস্ট বয়স ক্লিনিক নামের এই হাসপাতাল কমপক্ষে দেড় লক্ষ লোককে চিকিৎসা সুবিধা দিতে পারবে বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 07:54 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

এই ঘোষণায় আপ্লুত হয়ে সুদানের বিশিষ্ট জনদরদী ব্যক্তিত্ত্ব জন দাউ বলেছেন, “ওদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার বা ডাক কাউন্টির লোকদের নেই।” 

জন দাউ নিজে ওই হাসপাতালটি পরিচালনার দায়িত্ব পালন করবেন।

দাউ বলেন, “ তাদের এই উদ্যোগের মাধ্যমে এঞ্জেলিনা জোলি ও ব্রাড পিট মার্কিনি উদারতার পরিচয় তুলে ধরেছেন। আশা করা যায়, তাদের উদাহরণ অনুসরণ করে অন্যরাও দক্ষিন সুদানের পুনর্গঠনের কাজে এগিয়ে আসবেন।”

এই বসন্তের শেষভাগে এই ক্লিনিক চালু হবে।

‘গড গ্রিউ টায়ার্ড অফ আস’ প্রামাণ্যচিত্রটির নির্মাণকালে ব্রাড পিটের সাথে জনের পরিচয় হয়। ওই ছবির নির্বাহী প্রযোজক ছিলেন ব্রাড পিট।

গত সেপ্টেম্বরে জোলি -  পিট ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পরপরই এখান থেকে ডক্টরস উইদাউট বর্ডারস ও গ্লোবাল অ্যাকশন ফর চিলড্রেন সংস্থা দুটিতে ১২ মিলিয়ন পাউন্ড অর্থ সহায়তা দেওয়া হয়।

গত বছর জোলি ‘ম্যাডক্স জোলি প্রজেক্ট’ নামেও একটি দাতব্য সংগঠন চালু করেন। কম্বোডিয়ার উত্তর পশ্চিম অঞ্চলের বন সংরক্ষন ও দারিদ্র দুরীকরণে এই প্রজেক্ট অর্থ সহায়তা দেবে। উল্লেখ্য, ২০০২ সালে এই এলাকা থেকেই ম্যাডক্সকে দত্তক নিয়েছিলেন জোলি। সূত্র : ওয়েবসাইট।