আর বিয়ে করবেন না হল হ্যালি বেরি
গ্যাব্রিয়েল অব্রির সাথে চুটিয়ে প্রেম করছেন বটে তবে ভুলেও তাকে বিয়ে করার কথা ভাবছেন না অস্কার বিজয়ী কৃষ্ণাঙ্গ তারকা হ্যালি বেরি। “ও পথে আর না ” স্টাইল ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন তিনি। “আমি আর কখনোই বিয়ে করবো না। এর আগে দুবার কবুল বলেছেন এই ক্যাটওম্যান। প্রথমবার ১৯৯২ সালে বেসবল খেলোয়ার ডেভিড জাস্টিসের সঙ্গে, দ্বিতীয়বার ২০০১ সালে সঙ্গীতশিল্পী এরিক বেনেটের সঙ্গে। জাস্টিসের সাথে বিবাহবিচ্ছেদ ঘটে ১৯৯৬ সালে আর ২০০৪ সালে আলাদা হয়ে যান বেনেটের কাছ থেকে, বিচ্ছেদ ঘটে পরের বছরই।
২০০৫ সালের নভেম্বর থেকেই ভারসাচ্চির মডেল অব্রির সঙ্গে সম্পর্ক হয় হ্যালি বেরির।
তাদের মেলামেশা দেখে যারা মনে করছেন যে অচিরেই এরা বিয়ে করবে, তাদের উদ্দেশ্যে বেরির বক্তব্য হলো, বিয়ে না করেও বিবাহিত দম্পতির অনুরাগ ভালবাসা নিয়ে একত্রে বসবাস করা যায়। এর জন্য কোন ম্যারেজ সার্টিফিকেটের দরকার নেই। বেরি বলেছেন, “ এখন আমি মনে করি, একটা অঙ্গুরীয়, এক টুকরা কাগজের সাফাই ছাড়াই নরনারী পরষ্পরের সুখ দুঃখ ভাগাভাগি করে থাকতে পারে।”
কারো বউ পরিচয়ের কোন প্রয়োজন তিনি অনুভব করছেন না বলে জানান তিনি। “আমি আবার বিয়ে করতে চাই না। অনেকে হয়তো মনে করবেন পুুুরুষ জাতির উপর খাপ্পা হয়ে আমি এ কথা বলছি। তা নয়। আসলে কারো বউ হয়ে থাকার কোন প্রয়োজন অনুভব করছি না আমি। বিয়ের বৈধতা নিয়ে আমাকে কারো সাথে মেলামেশা করতে হবে এরকম কোন দরকার দেখছি না।”
