আবারো বিদেশী ছবিতে মল্লিকা শেরওয়াত
ভারতীয় ছবিতে বিশেষ কল্কে না পেলেও বিদেশী ছবিতে বেশ ভালোই জমে উঠছেন মল্লিকা। জ্যাকি চ্যানের সঙ্গে ‘দ্যা মিথ’ ছবিতে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন মল্লিকা শেরাওয়াত। ব্যাপারটাকে তখন অনেকে কাকতালীয় সুযোগ হিসেবে দেখেছেন। কিন্তু এবার? বলিউডের এই আকর্ষণীয় অভিনেত্রী আবার বিদেশী চলচ্চিত্রে কাজ করতে চলেছেন। ছবির পরিচালক বিল ব্যানারম্যান।
নাম শুনে কিছুটা অপরিচিত মনে হলেও বিল ব্যানারম্যান কিন্তু মোটেও হেজিপেজি পরিচালক নন। অস্কার প্রাপ্ত পরিচালক ক্লিন্ট ইস্টউডের সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। তার প্রথম পরিচালিত ‘আনভেইল্ড’ ছবির জন্যই মল্লিকাকে নায়িকা হিসেবে পছন্দ করেছেন তিনি।
ছবির কাহিনী আবর্তিত হয়েছে এক মুসলমান মহিলাকে নিয়ে যার রয়েছে দুজন স্বামী ও একজন প্রেমিক। চরিত্রটি নির্বাচিত হওয়ার আগে স্ক্রিন টেস্টের জন্য মল্লিকাকে লস অ্যাঞ্জলেস যেতে হয়েছিলো।
এই ছবির নায়িকার সন্ধানে বিল ঘুরে বেরিয়েছেন মধ্যপ্রাচ্য থেকে ভারত পর্যন্ত। শেষ পর্যন্ত ভারতেই তিনি খুঁজে পেয়েছেন তার ছবির নায়িকা।
এই ছবিতে কাজ করার সুবাদে ঐশ্বরিয়া এবং শিল্পা শেঠীকেও টেক্কা দিলেন মল্লিকা। অ্যাশ তার বিবাহ সংক্রান্ত কাজে ব্যস্ত থাকায় ছবিতে কাজ করার সুযোগ নেই। ‘বিগ ব্রাদার’ এর সুবাদে যথেষ্ট খ্যাতি পেলেও এরকম গুরুত্বপূর্ন কোন বিদেশী ছবিতে কাজ করার সৌভাগ্য শিল্পার এখনো হয়নি।
মজার ব্যাপার হচ্ছে ছবির ওই মহিলার চরিত্রে পেনিলোপি ক্রুজ ও হিলারি সোয়াঙ্ক অভিনয় করতে আগ্রহী ছিলেন। তবে পরিচালক একজন মুসলমান চেহারার মেয়েকে খুঁজছিলেন। ফলে তাদের হতাশ হতে হয়েছে।
ছবির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য বিল ব্যানারম্যান আজ অথবা কাল মুম্বাইয়ে আসতে পারেন।
