২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'দি নেমসেক' নিয়ে খুবই আশাবাদী মীরা নায়ার

‘মনসুন ওয়েডিং’ এর পরে এবারে ভারতীয় ও মার্কিনিদের সম্পর্ক ও আত্মপরিচয় সন্ধানের গল্প নিয়ে ছবি করলেন মীরা নায়ার। ‘দি নেমসেক’ নামের এই ছবির কাহিনী ঝুম্পা লাহিড়ীর। খবর সিবিএসএর।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 06:39 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

ছবিটি সম্পর্কে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নায়ার সিবিএসকে বলেছেন, “এই ছবিটা আমার মনের মতো একটা ছবি। ঝুম্পার বইটা পড়ার পরই আমি জানতাম এটা নিয়ে আমি ছবি করবই।” ছবিটি নিয়ে খুবই আশাবাদী মীরা।

ছবির কাহিনী অশোক গাঙ্গুলি নামের এক ভারতীয় ও তার পরিবারকে ঘিরে। অশোক আমেরিকা গেছেন পিএইচডি করতে। সেখান থেকে ফিরে অসীমা গাঙ্গুলিকে বিয়ে করেন তিনি। তারপর দুজনেই চলে যান নিউইয়র্কে। সেখানে খাপ খাইয়ে নিতে অসীমার বেশ বেগ পেতে হয়। অচিরেই তার কোল আলো করে আসে দুটো সন্তান  --  সোনিয়া আর গোগল। ঘরে ভারতীয় মুল্যবোধ আর স্কুলে পাশ্চাত্য ধ্যান  -- ধারণায় পুষ্ট হতে থাকে তারা। এবং এর ফলে কিছু সমস্যায়ও ভুগতে হয় তাদের।

অশোক ও অসীমার ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে ইরফান খান ও টাবু।

মীরা নায়ার শৈশবের ১২টি বছর কাটিয়েছেন কলকাতায়। বাঙালি সংস্কৃতির জন্য তার বিশেষ টান আছে। এ ছবিতে তিনি সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।

ছবিতে খান নিষ্ঠুর নীতিপরায়ণ বাবা ও স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন। বুধবার নিউইয়র্কের এশিয়া সোসাইটিতে ছবিটির এক বিশেষ প্রদর্শনী শেষে অনানুষ্ঠানিক আলোচনায় খান বলেন, “ মীরা আমার কাছ থেকে যে আমেরিকান উচ্চারণের ইংরেজি চাচ্ছিলেন সেটা করতে পারবো কিনা তা নিয়ে খুব উদ্বিগ্ন ছিলাম। ঝুম্পার বাসায় যখন গিয়েছিলাম গোপনে তার বাবার কথাবার্তা রেকর্ড করেছি যাতে সেটা নকল করে কাজ চালাতে পারি।”

খান এর আগে বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে আছে ‘মকবুল’, ‘চরস’ ইত্যাদি। অধিকাংশ ছবিতেই তিনি খলচরিত্রে অভিনয় করেছেন। ওদিকে টাবু এ যাবৎ করেছেন ৬০টিরও বেশি ছবি। ‘মাচিস’ আর ‘চাঁদিনি বার’ ছবির জন্য জাতীয় পুরষ্কারও পেয়েছেন।

মীরা বর্তমানে ব্যস্ত আছেন জনি ডেপকে নিয়ে ‘শান্তারাম’ ছবি তৈরির কাজে। এই ছবির কাহিনী গড়ে উঠেছে এক দাগি আসামীকে নিয়ে যে ১৯ বছরের জেল এড়ানোর জন্য অস্ট্রেলিয়া থেকে পালিয়ে মুম্বাই যায়।