ইউনিভার্সাল মিউজিক এবং এ আর রহমান নিয়ে আসছেন ‘প্রে ফর মি ব্রাদার’
ইউনিভার্সাল মিউজিক এবং ভারতের সঙ্গীত পরিচালক এ আর রহমান বিশ্ববাসীকে উপহার দিচ্ছেন তাদের নবতম সঙ্গীত ‘প্রে ফর মি ব্রাদার’। গানটির কম্পোজার ও গায়ক এ আর রহমান নিজেই। এ আর রহমান বলেছেন “সঙ্গীত নির্মানের ক্ষেত্রে এটাই আমার প্রথম বিনীত পদক্ষেপ যেটি করা হয়েছে সারা বিশ্বের শ্রোতার কথা মাথায় রেখে। এটা একটা বিশ্বসঙ্গীত।”
গানটি রচনার ইতিহাস প্রসঙ্গে এ আর রহমান জানান, “সত্যবাবু নামে একজনের সাথে সাক্ষাতের পর এই গান রচনায় উদ্ধুদ্ধ হই আমি। তিনি আমাকে যক্ষারোগীদের জন্য একটা গান রচনার পরামর্শ দেন। আমি নিজেও কিছু একটা করার কথা ভাবছিলাম। তো, তখন আমার বন্ধু ব্লেজকে ফোন দিয়ে বললাম, চলো দুজনে মিলে একটা গান লিখি।... এভাবেই এ গানটির জন্ম।”
উল্লেখ্য ‘প্রে ফর মি ব্রাদার’ বিশ্বের প্রথম মিউজিক ভিডিও যেটি মোবাইল সিনেমাস্কোপ ফরম্যাটে চিত্রায়িত করা হয়েছে। এর ফলে মোবাইল ফোন ব্যবহারকারীরা তাদের মোবাইল স্ক্রিনে এটি আরামে দেখতে পারবেন।
মিউজিক ভিডিওটি চিত্রায়িত করেছেন ভারতবালা। এর আগের বিখ্যাত ‘বন্দে মাতরম’ মিউজিক ভিডিওটিও তার করা।
এদিকে ইউনিভার্সাল মিউজিক এর ব্যবস্থাপনা পরিচালক রজত কাক্কার বলেছেন, “ ভারতের সেরা সঙ্গীত পরিচালকের সাথে কাজ করতে পেরে ইউনিভার্সাল মিউজিক গর্বিত।”
বাজারে ওই মিউজিক ভিডিও এখন পাওয়া যাচ্ছে স্পেশাল কালেক্টরস প্যাক এবং একক সিডি হিসেবেও। কালেক্টরস প্যাকে সিডির সাথে একটা ডিভিডিও থাকবে যাতে গানের সঙ্গে এ আর রহমান ছাড়াও ভারতবালা ও ব্লেজের বিশেষ সাক্ষাৎকারের ফুটেজও থাকবে।
“এই গানটা আমি অন্তর দিয়ে গেয়েছি।” বলেছেন এ আর রহমান, “গানটা গাইবার সময় আমার মনে হচ্ছিল আমার চারপাশে সবাই কেঁদে কেঁদে বলছে প্রে ফর মি ব্রাদার।” সূত্র : ওয়েবসাইট
