নতুনভাবে আসছেন আফতাব
যেভাবে পর্দা কাঁপাবেন বলে ভেবেছিলেন সেভাবে হলো না। এই ব্যর্থতার পিছনে চকোলেট বয় মার্কা চেহারাকেই দায়ী মনে করছেন আফতাব। ফলে বেশ কিছুদিন ধরে ব্যায়াম করে মাসল ফুলিয়ে, হাতে উল্কি করে, হেয়ার স্টাইলে নতুন ঢং ব্যক্তিত্বে এবটা পুরুষালি ভাব আনার চেষ্টা করছেন তিনি। তার সদ্যমুক্তিপ্রাপ্ত ‘রেড’ দেখে বোঝা যাচ্ছে চেষ্টা একেবারে বিফলে যায় নি। এবার সঞ্জয় গুপ্তের একটি ছবিতে এই চেষ্টার আরো সুফল পাবেন তিনি বলে মনে করছেন পরিচালক। সঞ্জয় গুপ্তের পরবর্তী ছবিতে এক গোঁয়ার অসাধু পুলিশের ভুমিকায় অভিনয় করবেন আফতাব।
সঞ্জয় গুপ্তের সঙ্গে তিনটি ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আফতাব যার একটি শিকাগোভিত্তিক ‘জজবা’, মুক্তি পাবে এই গ্রীষ্মে। ডেনজেল ওয়াশিংটন অভিনীত ‘ট্রেনিং ডে’র রিমেক ‘তিগমাংশু ধুলিয়াতে’ও একটি খল চরিত্রে অভিনয় করবেন তিনি।
সঞ্জয় মনে করেন, এতদিন আফতাব চরিত্র নির্বাচনে ভুল করেছে। তার ছবি যদি আফতাবকে ফের আলোচনায় নিয়ে আসতে পারে তাহলে বোঝা যাবে কথাটা ঠিক।
