মালদ্বীপে মধুচন্দ্রিমায় এলিজাবেথ ও অরুন
বিবাহ অনুষ্ঠানের ৯ দিন পর ভারত ছাড়লেন এলিজাবেথ হার্লি ও অরুন নায়ার। মধুচন্দ্রিমা যাপনের জন্য মালদ্বীপে পাড়ি জামিয়েছেন এই নবদম্পতি। তাদের বিদায় জানাতে যোধপুরের বিমান বন্দরে দর্শনার্থীদের ভিড় জমে গিয়েছিল।
এস্টি লডারের মডেল তারকা হার্লির হাতে তখনো মেহেদী রাঙানো ছিল। পরনে ছিল রংদার পোশাক। সঙ্গে ছিল অরুন ও হার্লির চার বছরের ছেলে।
গ্লোকেস্টেরশায়ারের সুডেলি প্রসাদে ইংলিশ কায়দায় যে বিয়ের উৎসব শুরু হয়েছিল যোধপুরের রাজকীয় মেহেরনগর দুর্গে এক জমজমাট ভোজের মধ্য দিয়ে তার পরিসমাপ্তি হয় শনিবার। এ কটা দিন বিশ্বের বিভিন্ন দেশের বিনোদন ও লাইফস্টাইল পত্রিকাগুলিতে এই আকর্ষণীয় বিয়ের নানা খুঁটিনাটি বিষয়ে সচিত্র প্রতিবেদন ছাপা হয়।
