২৫ মার্চ শেষ হচ্ছে দারুচিনি দ্বীপ চলচ্চিত্রের শুটিংয়ের কাজ
হুমায়ূন আহমেদের চিত্রনাট্যে তৌকির আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ হচ্ছে ২৫ মার্চ। পরিচালক জানিয়েছেন এ খবর। হুমায়ূন আহমেদের কাহিনী ছাড়াও নায়িকা নির্বাচনের ক্ষেত্রে বিশেষ বাছাই প্রক্রিয়া ইত্যাদি আয়োজনের কারণে এই চলচ্চিত্রটি সম্পর্কে দর্শকদের মধ্যে বিশেষ কৌতুহল তৈরি হয়েছে।
গত ১ মার্চ থেকে এই চলচ্চিত্রের শুটিং শুরু হয় সেন্টমার্টিন দ্বীপে। সেখানে টানা এক সপ্তাহ শুটিং শেষে পাত্রপাত্রী কলাকুশলীরা ঢাকায় ফিরে আসেন। এখন ঢাকার বিভিন্ন স্পটে আর বিভিন্ন বাড়িতে ইনডোর শুটিংয়ের কাজ চলছে। এই কাজ শেষ হলেই তৌকির সম্পাদনার টেবিলে বসবেন। এরপর চুড়ান্ত কাজটি সারা হবে ভারতের চেন্নাইতে।
সেন্টমার্টিনে শুটিংয়ের অভিজ্ঞতা জানতে চাইলে তৌকির বলেন,“সত্যি বলতে আমরা সেখানে পিকনিকের আমেজে ছিলাম। আর সেন্টমার্টিনবাসিরা খুবই সরল মনের। তারা রিয়াজের পাশে অন্য কোন নায়িকাকে কল্পনাই করতে পারেন না। তাদের কাছে রিয়াজ আছে মানেই শাবনুর। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন রিয়াজ - ‘শাবনুর কই? তাদের শুটিং কখন হইবে।’ আমি কয়েকটা দৃশ্যের জন্য হেলিকপ্টার ব্যবহার করেছি। তবে সম্পাদনার টেবিলে না বসা পর্যন্ত বলতে পারছি না কেমন হবে ছবিটি।”
উল্লেখ্য এ বছর ১৭ ফেব্র“য়ারি ২০০৬ হোটেল শেরাটনে দারুচিনি দ্বীপ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ছবিতে অভিনয় করছেন লাক্রা সুপার স্টার ২০০৬ মম, বিন্দু ও বাধন।
দারুচিনির দ্বীপ ছবির জন্য নায়িক অন্বেষণ শুরু হয় ২০০৫ সালের ৫ জুন। আর লাক্স - চ্যানেল আই সুপারস্টার ২০০৬ নামে আয়োজিত এই প্রতিযোগিতার বিভিন্ন স্তর পেরিয়ে ২২ সেপ্টেম্বর ফাইনাল রাউন্ডে নির্বাচিত হন লাক্স - চ্যানেল আই সুপারস্টার ২০০৬ মম। দ্বিতীয় ও তৃতীয় রানার আপ হন যথাক্রমে বিন্দু ও বাঁধন।
তারা ছাড়াও চলচ্চিত্রটিতে আরো অভিনয় করছেন রিয়াজ, আলী যাকের, আবুল হায়াত, আসাদুজ্জামান নূর, ডলি জহুর, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, চ্যালেঞ্জার, রহমত আলী, ফজলুর রহমান বাবু প্রমুখ।
চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করছেন এআর স্বপন, আবহসঙ্গীত ও সঙ্গীত পরিচালনায় রয়েছেন সুজেয় শ্যাম ও এস আই টুটুল। পোষাক ডিজাইনে রয়েছেন শাহরুখ আমিন টিংকু, শিল্প নির্দেশনা দেবেন গোলাম সোহরাব দোদুল, জাহিদ ও অপু।
