‘ল্যারি কিং লাইভ’ এর ৫০ বছর পূর্তির অনুষ্ঠান হবে এপ্রিলে
মিনিপর্দার কিংবদন্তীর উপস্থাপক ল্যারি কিং এর জনপ্রিয় টক শো ‘ল্যারি কিং লাইভ’ এর ৫০ বছর পূর্তি উদযাপন হবে এপ্রিলে। ‘কিং সাইজ উইক’ নামের অনুষ্ঠান দিয়ে শুরু হবে এই উদযাপন যাতে থাকবে ২ ঘন্টার পপ কালচার স্পেশাল, আলোচনা ও ল্যারি কিং লাইভের একটি বিশেষ সংস্করণ। খবর সিবিএসএর।
এই অনুষ্ঠানের ইতিহাস প্রসঙ্গে কিং সিবিএস এর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, “এটা শুরু হয়েছিল মায়ামির একটা ছোট্ট রেডিও স্টেশনে, ১৯৫৭ সালের ১ মে।...মাঝে মাঝে আমি নিজেই অবাক হয়ে যাই, নিজের গায়েই চিমটি কেটে দেখি, সত্যিই এর মধ্যে ৫০টা বছর চলে গেছে! আমি অবশ্য এখনো নিজের মধ্যে বার্ধক্যটা টের পাই না।”
এই দীর্ঘ সময় ধরে ল্যারি কিং অসংখ্য বিখ্যাত ও কুখ্যাত ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিয়েছেন। এর মধ্যে তার নিজের পছন্দ মার্টিন লুথার কিং, ফ্রাংক সিনাত্রা ও ম্যালকম এক্সের সাক্ষাৎকার।
তার এই শো এতো বিপুল জনপ্রিয়তা কেন পেল তার একটা কারণ হিসেবে কিং উল্লেখ করেন, “আমি কখনো অতিথিদের হেয় করার চেষ্টা করিনি।...আর একটা বিষয় হলো আমি কখনো ‘আমি’ শব্দটা ব্যবহার করি না। কারণ এখানে আমন্ত্রিত অতিথিরাই গুরুত্বপূর্ন, আমি নই। আমি সবসময় তাদের কাছ থেকে জানার ও শেখার চেষ্টা করি। আমি কোন এজেন্ডা নিয়ে সাক্ষাৎকারে বসি না।”
