বিশুদ্ধ চলচ্চিত্র মানেই ভায়োলেন্সের ছবি : টারান্টিনো
‘কিল বিল’ ছবির দুটো পর্ব দেখার পর আর ভয়ংকর ছবি দেখার খায়েশ থাকার কথা নয় কারো। ছবিতে যেভাবে মুড়ি মুড়কির মতো ভায়োলেন্স ছড়ানো হয়েছে, রক্তের হোলি খেলায় যেভাবে সাদা হয়ে গেছে রঙিন চলচ্চিত্র তা দেখে হতভম্ব হয়ে গেছেন দর্শকমাত্রই। অনেকে এ ছবির পরিচালকের মানসিক স্থিরতা নিয়েও সন্দেহ পোষন করেছেন। সেই পরিচালক কুয়েন্টিন টারান্টিনোর সাম্প্রতিক বক্তব্যে দর্শকের ওই সন্দেহ আরো বদ্ধমূল হতে পারে। টারান্টিনো বলেছেন যে চলচ্চিত্রের আসল উপাদানই ভায়োলেন্স। ক্যামেরার জন্মই হয়েছে রক্তপাতের উত্তেজনাকে ধারণ করার জন্য।
দি সানডে টাইমস পত্রিকায় তার লেখা এক এক নিবন্ধে এ কথা বলেছেন এই খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক। ‘পাল্প ফিকশন’ ও ‘কিল বিলে’র জন্য টারান্টিনো সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন।
টারান্টিনো বলেন, “চলচ্চিত্রে হিংস্রতাই সবচেয়ে দর্শনীয় বিষয়। ....আর চলচ্চিত্রের অন্যতম উপাদান হলো ভায়োলেন্স। ...মাঝে মাঝে আমার মনে হয় এডিসন থেকে লুমিয়ের ভাইয়েরা পর্যন্ত যেসব বিজ্ঞানী অনেক মেধা ও শ্রম খাটিয়ে যে ক্যামেরা আবিষ্কার করেছেন সেটা এই ভায়োলেন্সকে যথাযথভাবে ধারণ করার জন্যই।”
তার মতে, বিখ্যাত পরিচালকরা দর্শকদের রোমাঞ্চিত করার জন্যই ছবি বানান। “সিনেমাটিক ডিরেক্টররা চলচ্চিত্র তৈরি করেন দর্শকচিত্তে উত্তেজনা সঞ্চারের জন্য। আমি বিষয়টা এভাবেই দেখে থাকি।” বলেছেন টারান্টিনো।
