হ্যাট্রিকের পটভূমিটাই অন্যরকম : কুনাল কাপুর
এই মৌসুমে ক্রিকেট নিয়ে যে কটা ছবি মুক্তি পাচ্ছে তার মধ্যে ‘হ্যাট্রিক’ সবচেয়ে বেশি হিট করবে বলে অনেকেই আশাবাদী। এ ছবির কেন্দ্রীয় চরিত্রগুলোর একটিতে অভিনয় করেছেন কুনাল কাপুর। ছবিতে তার স্ত্রী রিমি সেন ভারতীয় উইকেট কীপার অন্ধ ভক্ত। এ নিয়ে তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এরকম কাহিনী নিয়েই তৈরি হয়েছে হ্যাট্রিক।
রাকেশ মেহরার ‘আকস’ দিয়ে যাত্রা শুরু কুনাল কাপুরের। এরপর করেছেন মকবুল ফিদা হোসেনের ‘মীনাক্ষী’। বক্স অফিসে কোন সাড়া জাগায় নি ছবিটি। তবে কুনালের অভিনয় দেখে অনেকে নড়েচড়ে বসেছেন। এরপর রাকেশ মেহরার ‘রং দে বাসন্তী’তে এসে নাম ছড়িয়ে পরে কুনালের। সুপার হিট ছবির এই নায়কের পরের ছবি মিলান লুথরিয়ার ‘হ্যাট্রিক’।
ছবিতে ক্রিকেট অনিবার্য অনুষঙ্গ হিসেবে এসেছে ঘুরে ফিরে। সম্প্রতি ইন্ডিয়াএফএমডটকমের সাথে কুনালের এক সাক্ষাৎকারেও এসেছে ক্রিকেট। সাক্ষাৎকারের অংশবিশেষ নিচে তুলে দেওয়া হলো।
আগের ছবিগুলো থেকে হ্যাট্রিকে আপনার চরিত্রটা কতটা আলাদা?
হ্যাট্রিকের পটভূমিটাই অন্যরকম। কাহিনী খুবই সরল। আমি যে চরিত্রটা করেছি সেটা খুব গভীর নয়। বিশেষ করে ‘রং দে বাসন্তী’ বা ‘মীনাক্ষী’তে করা চরিত্রগুলোর তুলনায় এটা অনেকটাই হালকা বলা যায়।
এই ছবির সঙ্গীত সম্পর্কে আপনার মূল্যায়ন কী?
ভয়ংকর রকমের ভালো। এটা বললাম, কারণ যখন আমি ছবির চিত্রনাট্যের কথা শুনি, আমি তখন আশা করিনি যে ছবির মিউজিক এরকম কিছু হবে। ক্রিকেটের মতো বিষয় নিয়ে বানানো ছবির মিউজিক চার্ট বার্স্টিং হবে এটা কেউ আশা করে না। অথচ, আমার বিশ্বাস এই ছবির সবগুলো গানই চার্ট বার্স্টিং। এগুলো আসলেই অসাধারণ গান। সত্যি বলতে কী, এর কোনটা যে আমার সবচেয়ে পছন্দের সেটা এখনো ঠিক করে উঠতে পারি নি। সবগুলোই সমানভাবে টানে।
এবারের বিশ্বকাপে আপনি কার পক্ষে বাজী ধরছেন?
ফেবারিট তো অবশ্যই ভারত। ভারতের পরও পছন্দের দল ভারত। আসলে ফেবারিটের তালিকার শেষেও আমি ভারত ছাড়া আর কাউকে দেখতে চাই না। আমি স্রেফ চাই ভারত বিশ্বকাপ জিতুক।
আপনার পছন্দের খেলোয়ার?
গাঙ্গুলি। তার খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
আপনার আসল স্ত্রী যদি ধোনির ভক্ত হয়, তখন?
সেটা যদি ঘটেই, তাহলে আমি নিজেই ক্রিকেট খেলা শুরু করে দেবো। তাকে দেখাব যে আমিও ধোনির চেয়ে অনেক ভাল উইকেট কীপার।
খেলাধুলার ব্যাপারে আপনার উৎসাহ কেমন?
ছিল। খেলার প্রতি অনুরাগ নিয়েই আমি বড় হয়েছি। স্কুলে থাকতে ক্রিকেট এবং অন্যান্য খেলাও খেলেছি অনেক। দুর্ভাগ্যবশতঃ পরে আর খেলাটা চালিয়ে যেতে পারি নি।
হ্যাট্রিক দর্শকরা কী কারণে দেখবে বলে আপনার ধারণা ?
চিত্রনাট্যটাই এ ছবির প্রাণ। ক্রিকেট ভারতীয়দের প্রাণের বিষয়। এ ছবির পটভূমিতে এই ক্রিকেট এসেছে নবরুপে। জীবনের সাথে ক্রিকেটের সম্পর্ক যেভাবে মিলান এ ছবিতে উন্মোচন করেছেন তা চিত্তাকর্ষক। আমি মনে করি এটা দর্শকদের ভাল লাগবে।
