বিশ্ব কাপ ক্রিকেটে শিল্পীদের পছন্দ যারা
বিশ্ব কাপ ক্রিকেটে এবার বাংলাদেশ ভালো কিছু করবেই - এরকম প্রত্যাশা সবারই। আর সে আশাবাদ প্রকাশ করেছেন এদেশের শিল্পী সমাজও। সবারই প্রিয় দল বাংলাদেশ। যারা আগে অন্যান্য দল পছন্দ করতো তারাও প্রথমে বাংলাদেশ তারপর অন্যান্য দেশকে সমর্থন দিচ্ছে। বাংলাদেশের ক্রিকেট দলের কাছে কী তাদের প্রত্যাশা আর অন্য কোন দল পছন্দ করেন কী না এই প্রশ্ন করা হয়েছিল তারকাদের।
প্রণব ভট্ট ঃ অন্য সময়তো ভারত সমর্থন করি। তবে এবার বাংলাদেশই আমার প্রিয় দল। চ্যাম্পিয়ন যে হবে সে আশা করি না। তবে বড় বড় দলগুলোকে যেন হারাতে পারে সে প্রত্যাশা করি। পারফরমেন্সটা যেন ভালো হয়। আর কোয়ালিফাইং রাউন্ডে উঠলেই আমি খুশি।
তৌকির আহমেদ ঃ বাংলাদেশই আমার ফেবারিট টিম। প্রতিপক্ষের সাথে ভালো ফাইট দিলেই আমি খুশি। অন্য দেশের মধ্যে ভারত আর সাউথ আফ্রিকার খেলা উপভোগ করি। রাহুল দ্রাবিড়, শেবাগ আর সাউথ আফ্রিকার নতুন ক্যাপ্টেনের খেলা ভালো লাগে।
আজিজুল হাকিম ঃ সবসময় ভারত সমর্থন করতাম। তাদের খেলা ভালোলাগে। আর ভালো লাগে ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকার খেলা। তবে সবার প্রিয় অস্ট্রেলিয়ার খেলা আমার খুব একটা ভাল্লাগে না। কারণ আমার মনে হয় তাদের খেলাটা যান্ত্রিক, মনে হয় কম্পিউটারাইজড, যেন কম্পিউটার গেম থেকে চরিত্রগুলো তুলে এনে মাঠে বসিয়ে দিয়েছে। সব কিছুই যেন আগে থেকে হিসেব কষা। তাদের খেলায় ঠিক প্রাণটা খুঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁজে পাই না।
এবার বাংলাদেশের দলের উপর প্রত্যাশা অনেক। আমি আশা করি তারা অন্তত দ্বিতীয় রাউন্ডে উঠবে। তবে প্রথম রাউন্ডেই কঠিন দুটো দলের সাথে তাদের খেলতে হবে। তাই তারা যেন অন্তত একটা খেলায় জিতে আসে, সেটাই আশা করি ।
আইয়ুব বাচ্চু ঃ নিজের দেশের দলের কাছেতো প্রত্যাশা অনেক। আশা করি তারা ভালো খেলবে। আর মাশরাফির জন্য রইলো আমার শুভ কামনা। কারণ তার খেলাটা আমার ভালোলাগে। আর আমার হিসেবে চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড।
টনি ডায়েস ঃ প্রথমে ভেবেছিলাম সার্ক র্যালিতে থাকবো, তাই হয়তো খেলাগুলো দেখা হবে না। কিন্তু পরে দেখলাম আমরা শুধু দিনেই ভ্রমণে থাকবো। এদিকে খেলাতো সব সন্ধ্যে থেকে শুরু। তাই দেখার সুযোগ পাবো।
সবসময়ই প্রিয় নিজের দেশের দল। তারপর ভারত। বাংলাদেশের দলের কাছে আমার প্রত্যাশা তাদের তারা যেন অন্তত সেকেন্ড রাউন্ডে উঠতে পারে। আর প্রত্যেকটা খেলায় যেন অন্তত ম্যাচ টেম্পারমেন্ট পাই। মরা মরা খেলা না খেললেই হলো। প্রিয় খেলোয়াড়দের মধ্যে আছেন তানিম, কাপালি। এছাড়া রফিকের বোলিং আর বাশারের ব্যাটিং ভালোলাগে। এছাড়া টেন্ডুলকার, গাঙ্গুলীর খেলাও ভালো লাগে।
আসিফ ঃ যে দেশে ক্রিকেট বিশ্ব কাপ হয়, প্রতিবারই সে দেশে চলে যাই। খেলাটা সামনে থেকে দেখি। কয়েকদিন পরেই আমার একটা একক অ্যালবাম প্রকাশিত হবে। সেটার কাজ এখনো শেষ করতে পারি নি। তাই এবার যাওয়াও হয়নি। টিভিতেই খেলা দেখবো। বাংলাদেশ যে এবার সবার প্রিয় দল সেটা বলার অপেক্ষা রাখে না। আমারো তাই। এছাড়া পাকিস্তান ক্রিকেট দল আমার সবসময়ের প্রিয়। তবে খেলা ভালো লাগে রিকি পন্টিং আর সৌরভের। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে ভালো লাগে সাকিবের খেলা।
অপূর্ব ঃ আমার বাংলাদেশই পছন্দের টিম। এরপরে আর কোন পছন্দ নাই। আমি আশা করি বাংলাদেশ বিশ্ব কাপ জয় করবে। অনেকেই বলবেন ‘এই পাগলে বলে কী’। আমিও জানি বাংলাদেশের বিশ্ব কাপ জয় করার সময় এখনো আসেনি। তাই বলে আমি কম আশা করবো কেন। বেশিই আশা করলে তাদেরও উৎসাহ দেয়া হবে বেশি। আমারতো মনে হয় আমাদের সবারই বিশ্ব কাপের আশা করা উচিত। যাতে বাংলাদেশের দল আরো মনবল পায়। আমার প্রিয় খেলোয়াড় হাবিবুল বাশার।
