দু’বছর পর নাটক তৈরি করছেন অনল রায়হান
দু’বছর পর আবার নাটক পরিচলনা শুরু করেছেন অনল রায়হান। ২৩ ও ২৪ মার্চ ময়মনসিংহে তিনি ‘শুভ নববর্ষে শুভ বিবাহ’ নাটকের শুটিং শুরু করতে যাচ্ছেন। পহেলা বৈশাখে যে কোন একটি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে পরিচালক আশা করছেন।
এই দীর্ঘ সময় নিরব থাকা প্রসঙ্গে পরিচালক বলেন,“আসলে এতোদিন নাটক রচনাতেই ব্যস্ত ছিলাম। ভালো কোন প্রযোজক পাইনি বলেই নাটক পরিচালনা করা হয়ে ওঠেনি। তাছাড়া নিজে নাটক লিখে পরিচালনা করাটাও বিশাল সময়ের ব্যাপার। আমি একটা ভালো স্ক্রিপ্টের অপেক্ষাতেও ছিলাম। অনুরূপ আইচের লেখা নাটকটা আমার ভালো লেগেছে। সেই সাথে প্রযোজকও পেয়ে গেলাম মনের মতো। সবকিছু ব্যাটে বলে মিলে যাওয়াতেই আবার নাটক পরিচালনায় এলাম।” নাটকটি প্রযোজনা করছে ইউনিট ফাইভ মিডিয়া।
অনল রায়হান ২০০৫ সালে একটি নাটক পরিচালনা করেছিলেন। নাম ‘ইটি’। চ্যানেল আইতে সেটা প্রচারিত হয়েছিল।
অনল প্রখ্যাত চলচ্চিত্র ব্যাক্তিত্ব শহীদ জহির রায়হান ও প্রয়াত নায়িকা সুমিতা দেবীর দ্বিতীয় ছেলে।
