২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজনি ভারতে খুচরা ব্যবসা শুরু করতে যাচ্ছে

দেবযানী ইন্টারন্যাশনাল (ডিল) এর সাথে সম্পর্ক তৈরির সুবাদে ওয়াল্ট ডিজনি ভারতে তাদের খুচরা ব্যবসা শুরু করতে যাচ্ছে। সোমবার তাদের পণ্য বিক্রয়ের জন্য ভারতে একটি স্টোরও চালু করেছে তারা যেখানে বাচ্চাদের জন্য তৈরি করা তাদের ব্রান্ডের পণ্যগুলি পাওয়া যাবে। খবর পিটিআইয়ের।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 06:12 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

ডিলের সাথে এক চুক্তির মাধ্যমে এই বিশ্বখ্যাত বিনোদন পন্য বিক্রেতা সংস্থা যৌথভাবে আগামী ৫ বছর ধরে ভারতে এরকম ৩০০টি স্টোর চালুর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে চলতি বছরে পুরোপুরি চালু হবে ২২টি স্টোর।

ডিল এর অঙ্গ সংগঠন আরজে কর্পোরেশনের চেয়ারম্যান  রবি জয়পুরিয়া এ প্রসঙ্গে জানান, “ওয়াল্ট ডিজনি কোম্পানি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (টিডব্লিউডিসিআই) এর সাথে এই চুক্তির মাধ্যমে আমরা ১৫০ কোটি রুপি বিনিয়োগ করে এখানে ৩০০টি এক্সক্লুসিভ স্টোর চালু করতে যাচ্ছি। ২০০৭ সালে আমরা বিনিয়োগ করবো ১০ কোটি রুপি, চালু করবো ২২টি ‘ডিজনি আর্টিস্ট’ স্টোর।”

রবি বলেন, এসব ডিজনি স্টোরে ২৫ থেকে ৯০০ রুপির মধ্যে বিক্রি করা হবে ৩ থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের জন্য বিভিন্ন আইটেম। বড় বড় শহরগুলির পাশাপাশি লুধিয়ানা, জলন্ধর ও অমৃতসরের মতো দ্বিতীয় সারির শহরগুলিতেও এই স্টোর চালু করা হবে।

রবি জানান, “ প্রথমদিকে পণ্যগুলি সবই আমদানী করে বিক্রি করা হবে। তবে ১০০টি স্টোর চালু হয়ে গেলে আমরা ভারতেই এর পণ্য উৎপাদনের কাজে হাত দেবো।”