হিটলারের খুনির ভুমিকায় টম ক্রুজ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর থ্রিলারধর্মী একটি চলচ্চিত্রে আততায়ীর ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন টম ক্রুজ। ছবিতে হিটলারকে হত্যার উদ্যোগ নেবেন তিনি। ছবির নাম এখনো ঠিক হয়নি।
চলচ্চিত্রটি ক্রুজের প্রোডাকশন হাউজ ‘ইউনাইটেড আর্টিস্ট’ এর ব্যানারে নির্মিত হবে। মনে হতে পারে তার প্রতিষ্ঠানের ব্যানারে তৈরী হচ্ছে বলেই হয়তো টম এতে অভিনয় করছেন। আসলে ব্যাপারটা তা নয়। গত সপ্তাহে চলচ্চিত্রটি নিয়ে টম যখন অন্যান্যদের সঙ্গে আলোচনা করছিলেন, তখন পরিচালক ব্রায়ান সিঙ্গার ছবির মুখ্য চরিত্রে অভিনয় করার জন্য তাকে প্রস্তাব দেন। এর ফলেই মঙ্গলবার ছবিতে অভিনয়ের জন্য ক্রুজ চুক্তিবদ্ধ হন।
প্রোডাকশনের কাজ শুরু হবে এই গ্রীষ্মেই। পরিবেশনায় থাকছে এমজিএম। চিত্রনাট্য তৈরী করছেন ম্যাককুয়ারি ও নাথান আলেক্সান্ডার। ব্রায়ান সিঙ্গার ও ম্যাককুয়ারি এর আগে একসাথে ‘দ্যা ইউজুয়াল সাসপেক্টস’ ছবিতে কাজ করেছিলেন। ছবিটি অস্কার জয় করেছিলো।
টম ক্রুজ ও তার অংশীদার পলা ওয়াগনারের ইউনাইটেড আর্টিস্ট প্রোডাকশনের দায়িত্ব নেয়ার পর এটি হবে দ্বিতীয় প্রোজেক্ট। গত বছর শুরু করা এই প্রোডাকশন হাউজের প্রথম ছবি ‘লায়ন্স ফর ল্যাম্বস’ পরিচালনা করছেন রবার্ট রেডফোর্ড। এতে অভিনয় করেছেন রেডফোর্ড, মেরিল স্ট্রিপ ও টম ক্রুজ। ছবিটির মুক্তির তারিখ ৯ নভেম্বর ধার্য করা হয়েছে।
