২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যানেল আই’তে একটেল সোনালী ছবির উৎসব

৩০ মার্চ থেকে চ্যানেল আইতে শুরু হতে যাচ্ছে ‘একটেল সোনালী ছবির উৎসব’। বাংলা চলচ্চিত্রের সাদাকালো যুগে যেসব ছবি মুক্তি পেয়েছিলো তা আজও দর্শক হৃদয়ে গেঁথে আছে। সেসব ছবি নিয়ে প্রতি মাসের শেষ শুক্রবার দুপুর ২টায় চ্যানেল আই সংবাদের পর শুরু হবে এই আয়োজন। চ্যানেল আইয়ের এই প্রয়াসের সঙ্গে যুক্ত হয়েছে দেশের অন্যতম মোবাইল ফোন কোম্পানী একটেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2007, 08:15 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

প্রাথমিকভাবে সাদাকালো যুগের ৯টি ছবির প্রদর্শন হবে এই উৎসবে।  ছবিগুলো হচ্ছে কাজী জহির পরিচালিত শাবানা-রাজ্জাক অভিনীত ‘অবুঝ মন’, ফারুক-ববিতা অতিনীত ‘কথা দিলাম’, আজিম-সুচন্দা অভিনীত ‘নয়নতারা’, রাজ্জাক-শাবানা অভিনীত ‘মধু মিলন’, বুলবুল আহমেদ-কবরী-শাবানা অভিনীত ‘বধূ বিদায়’, মোস্তফা মেহমুদ পরিচালিত রাজ্জাক-কবরী-শাবানা অভিনীত ‘অবাক পৃথিবী’, আলমগীর-শাবানা অভিনীত ‘জয় পরাজয়’, আলমগীর-কবিতা অভিনীত ‘হাসি কান্না’, এবং শাবানা- আলমগীর অভিনীত ‘চাষীর মেয়ে’।

এই ছবিগুলো প্রদর্শনের উদ্দেশ্য হচ্ছে অতীতের গুণী নির্মাতাদের তৈরি দর্শকনন্দিত ছবিগুলো বর্তমানের দর্শকদের সামনে তুলে ধরা।

এ উপলক্ষে ১৯ মার্চ দুপুরে হোটেল শেরাটনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উৎসবে প্রচারিতব্য ছবির ক্লিপিংস এবং গানের অংশ বিশেষ দেখানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিঃ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, একটেল’র বিপনন বিভাগের প্রধান আসিফ ইকবাল ও জাকির ইবনে হাই হেড অব ব্রান্ড (এ এন্ড পি), নির্মাতা সুভাষ দত্ত, চাষী নজরুল ইসলাম, আমজাদ হোসেন, কেএমআর মঞ্জুরসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে একটি র‌্যাফেল ড্র’র আয়োজন করা হয়। পুরস্কার ছিল একটি ১৪ ইঞ্চি রঙিন টিভি। পুরস্কারটি পেয়েছেন আজকের কাগজের সহ-সম্পাদক মাহবুব হাসান জ্যোতি।