চ্যানেল আইতে শুরু হতে যাচ্ছে ‘বিরতিহীন বিনোদন’
এখন নাটকের ফাঁকে বিজ্ঞাপন হয় না, বিজ্ঞাপনের ফাঁকে নাটক হয় -- এরকম অভিযোগ প্রায় সবার। তবে এ অভিযোগ মুছে দিতে এগিয়ে এসেছে চ্যানেল আই। তারা ২৩ মার্চ থেকে বিরতিহীন নাটক শুরু করতে যাচ্ছে।‘স্যাভলন বিরতিহীন বিনোদন’ নামের এই শ্লটে কোন প্রকার বিজ্ঞাপন বিরতি ছাড়াই চলবে নাটকের সম্প্রচার। ২১ মার্চ চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেয়া হয়।
দর্শকদের কাছে নাটককে আরো জনপ্রিয় করে তুলতেই চ্যানেল আই ও এসিআই এই উদ্যোগ গ্রহণ করেছে। যারা বিরতিহীনভাবে নাটক দেখতে ভালোবাসেন তাদের কাছে এটি হবে আকর্ষণীয়। দেশের খ্যাতিমান লেখক ও নির্মাতাদের নাটক প্রচার করা হবে এই শ্লটে। আপাতত মাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শুক্রবার বেলা ৩.০৫ টা থেকে ৪.০০ টা পর্যন্ত চলবে চ্যানেল আইয়ের এই কার্যক্রম।
সম্মেলনে বক্তব্য রাখেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। অনুষ্ঠানে অ্যাডভান্স কেমিক্যালস ইন্ডাষ্ট্রিজ (এ সি আই) এর সম্পৃক্ততার উদ্দেশ্য নিয়ে কথা বলেন নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর।
তারা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়করাজ রাজ্জাক। তিনি বলেন,“চ্যানেল আই সবসময়ই দর্শকদের বিশেষ কিছু দেওয়ার চেষ্টা করে। এই চেষ্টায় আমিও সামিল হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। স্যাভলন বিরতিহীন বিনোদনে প্রথমদিন ২৩ মার্চ শুক্রবার প্রচার হবে আমার পরিচালনায় নাটক ‘মুক্তির স্বাদ’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমার ছেলে সম্রাট, ডলি জহুর, নাবা, তানজিকা প্রমুখ। মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের জীবন চিত্র নিয়ে নাটকটির মূল গল্প।”
