৬০তম জন্মদিনে এলটন জন
২৫ মার্চ বৃটিশ গায়ক এলটন জনের ৬০তম জন্মদিন। আর এই উপলক্ষে তিনি ৩০টিরও বেশি অ্যালবাম ক্যাটালগ আকারে অনলাইনে ছাড়ার পরিকল্পনা করেছেন।
বুধবারে তার দেয়া এক বিবৃতিতে বলেন,“প্রায় ৪০০র মতো গান ডাউনলোড উপযোগী করে অনলাইনে দেয়া হবে।”৪০ বছরের সঙ্গীত জীবনে এই গায়কের প্রায় ২০০ মিলিয়ন গানের অ্যালবাম বিক্রি হয়েছে। সম্প্রতি প্রকাশিত তার কয়েকটি গান অনলাইনে পাওয়া গেলেও এই প্রথমবারের মতো তার সবগুলো গান একটি ক্যাটালগে পাওয়া যাবে। কাজটা সময়সাপেক্ষ বলে জানিয়েছেন জন।
অন্যান্য ডাউনলোড সার্ভিসে বৈধভাবে পাওয়ার আগ পর্যন্ত এই ক্যাটালগ অ্যাপেল আইটিউনস সার্ভিসে সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে তা ২৬ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত।
এতে ১৯৬৯ সালে প্রকাশিত তার প্রথম অ্যালবাম ‘এমটি স্কাই’ ও ‘গুডবাই ইয়োলো ব্রিক রোড’ এবং বেশ কিছু জনপ্রিয় গান যেমন ‘টাইনি ড্যান্সার’ ‘ইয়োঙ সং’ ‘ক্যান্ডেল ইন দ্যা উইন্ড’ এর মতো গানও পাওয়া যাবে।
এছাড়াও বেশকিছু গান মোবাইল রিংটোন হিসেবেও ছাড়া হবে। সেই সাথে থাকবে ডাউনলোড উপযোগী জনপ্রিয় ভিডিওর উল্লেখ্যযোগ্য অংশ।
জন্মদিন উপলক্ষে এটা ছাড়াও গায়কের ‘রকেট ম্যান’ নামে একটি আস্ত অ্যালবাম বিশ্বব্যাপী প্রকাশ করা হবে।
