সার্ক ট্যুরে বাংলাদেশের তারকা টনি, প্রিয়া, সাজ্জাদ, অপু
১৫ মার্চ বাংলাদেশের কক্সবাজার থেকে যে সার্ক র্যালি শুরু হতে যাচ্ছে তাতে বাংলাদেশের পক্ষে তারকা শিল্পী হিসেবে থাকবেন টনি ডায়েস, প্রিয়া ডায়েস, সাজ্জাদ মাহমুদ ও অপু মাহফুজ। এই র্যালিতে সার্কভুক্ত ৭টি দেশের চলচ্চিত্র ও টেলিভিশন তারকা ছাড়াও অংশ নেবেন খ্যাতিমান ক্রিকেটার ও বেশ কয়েকজন সাংবাদিক। র্যালির আয়োজন করছে সার্ক অর্গানাইজিং কমিটি। র্যালিতে অংশ নেয়া টনি ডায়েসের সাথে কথা বলে এই তথ্য জানা গেছে।
সার্ক দেশগুলোর মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি বৃদ্ধি ছাড়াও ভিসাবিহীন যাতায়াতের পথ সুগম করার লক্ষ্যেই এই সার্ক র্যালির আয়োজন করা হয়েছে।
র্যালিতে অংশ নেবে মোট ৩০টি গাড়ি। ১৫ মার্চ কক্সবাজার থেকে রওনা দিয়ে দুলাহাজরা সাফারি পার্ক হয়ে কক্সবাজারের ইনানী সৈকতে যাত্রাবিরতি হবে। পরদিন ঢাকায় এসে স্মৃতিসৌধ দর্শনের পর বগুড়া, রংপুর হয়ে বুড়িমারি দিয়ে এই র্যালি ভারত হয়ে নেপালে যাবে। নেপালের পর ভুটান ও পাকিস্তান হয়ে ফের ভারতের নয়া দিল্লিতে পৌঁছবে ১ এপ্রিল। সেখানে ১৪ এপ্রিল সার্ক শীর্ষ সম্মেলনে এই র্যালিতে অংশগ্রহকারীরা যোগ দেবেন।
মাসব্যাপি চলা এই র্যালি প্রায় ৮ হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে বলে আশা করছেন আয়োজকরা।
এই র্যালির ভাবনাটা প্রথম মাথায় আসে ভারতের প্রধান মন্ত্রী ড. মনমোহন সিং এর মাথায়। ২০০৫ সালে ঢাকায় অনুষ্ঠিত ১৩তম সার্ক সম্মেলনে এক বক্তৃতায় তার ভাবনাটা প্রকাশ করেন।
তারপর থেকেই বিভিন্নভাবে এর আয়োজনের চেষ্টা চলতে থাকে। “এক বছর চেষ্টার পর এই র্যালি আয়োজন করা সম্ভব হল।” বললেন সার্ক কার র্যালির ইভেন্ট ম্যানেজার এম এ ফুয়াদ। তবে সার্কবুক্ত অন্য দেশগুলোর মতো এই আয়োজনে বাংলাদেশ অংশের জন্য কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান স্পন্সর করছে না। সম্পূর্ণ সরকারি আর্থিক সহায়তায় বাংলাদেশ থেকে এই র্যালির আয়োজন করা হচ্ছে।
