২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কার অনুষ্ঠানের অমিয় বচন ২

নানারকম চাকচিক্য, পোশাক আশাক, কর্মকান্ডের মধ্যে অস্কার অনুষ্ঠানের অন্যতম আকর্ষন এখানে উপস্থিত মহাজনদের লঘু - গুরু বচনগুলি। রাজনৈতিক থেকে আদিরসাত্মক সব ধরণের বাৎচিত চলে। এর আগে এরকম কিছু বাণী তুলে ধরা হয়েছিল। এখানে আরো কয়েকটি পরিবেশিত হলো:

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 04:33 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

“এটাই একমাত্র নগ্ন পুরুষ যে আমার বেডরুমে থাকবে।”

অস্কার মূর্তিটি হাতে নিয়ে সেরা গায়িকার পুরস্কারপ্রাপ্ত মেলিসা এথরিজ মজা করে এ কথা বলেন। উল্লেখ্য তিনি নিজে একজন লেসবিয়ান।

অস্কার প্রাপ্তির পরে পুরস্কৃতদের অভিনন্দনে অভিনন্দনে ডুবে যাওয়ার দশা হয়েছিল। সেই পরিস্থিতি বুদ্ধিমানের মতো সামাল দেওয়ার জন্য উপস্থাপিকা এলেন ডিজেনারাস সবাইকে অগ্রিম সতর্ক করেন ও বুদ্ধি বাতলে দেন।

“আমি সবাইকে বলে দিতে চাই যে এই অস্কার প্রাপ্তির কারনে সবাইকেই বেশ কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যেতে হবে। সেই সঙ্গে সেই পরিস্থিতি সামলানোর উপায়টাও আমি বাতলে দিচ্ছি। এর পরে আপনি যে পার্টিতেই যাবেন না কেন হাত দুটি সবসময়ই খালি রাখবেন হ্যান্ডশেকের জন্য অথবা কারো বাড়িয়ে ধরা ড্রিঙ্কস ধরার জন্য।”

লিওনার্দো ডিক্যাপ্রিও ভাইস প্রেসিডেন্ট আল গোরকে কিছু বলতে বললে তিনি মজা করে ২০০৮ সালে তার প্রেসিডেন্ট প্রার্থিতার কথা ঘোষণা করেন:

“সত্যি কথা বলতে কি এই ঘোষণা দেওয়ার কোন পরিকল্পনা আমার ছিলো না। কিন্তু মনে হলো, শত কোটি লোক যেখানে দেখছে এই অনুষ্ঠান তখন এর চাইতে ভালো সময় বোধ হয় আর পাওয়া যাবে না।”

আল গোরের মজা করে দেওয়া এই ঘোষণার পরে অভিনেতা জর্জ ক্লুনি আরো এক কাঠি সরেস মন্তব্য করেন:

“স্টেজের পেছনে বসে জ্যাক নিকলসন আর ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আমি পান করছিলাম। আমি জানতাম না যে তিনি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। আমার অপরাধ মার্জনা করবেন।”

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম এবং সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম পুরস্কার ঘোষণার আগে ৮ বছর বয়স্ক জেডেন স্মিথ অ্যাবিগাইল ব্রেসলিনকে বলেন:

“ তো, এখন আমরা ‘শর্ট’ একটা বিষয়ের উপর পুরস্কার দিতে যাচ্ছি।”

স্টিভ ক্যারেল সেরা শব্দ সম্পাদনার পুরস্কার দেওয়ার সময় বলেন:

“শব্দ সম্পাদনা অনেকটা সেক্স করার মতোই। এটা করতে হয় একা একা, গভীর রাতে চারপাশে নানাধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিবেষ্টিত হয়ে।”

জুডি ডেঞ্চ এবার অস্কার অনুষ্ঠানে আসতে পারেননি। তার কারন ব্যাখ্যা করেন উপস্থাপিকা এলেন ডিজেনারস এভাবে:

“ জুিড ডেঞ্চ আজ রাতে এখানে আসতে পারেননি। চোখের সমস্যার কারনে তার হাঁটুতে একটা অস্ত্রোপাচার করা হয়েছে।”

রবার্ট ডাউনি জুনিয়র সেরা ভিজুয়াল এফেক্ট ক্যাটাগরিতে পুরস্কার দিতে এসে তার একসময়কার নেশাসক্ত জীবন ও ভিজুয়াল এফক্টে সম্পর্কে বলতে গিয়ে বলেন:

“ভিজুয়াল এফেক্ট বলতে গেলে মনে পড়ে আমার নব্বইয়ের দশকের দিনগুলোর কথা যখন নেশাসক্ত অবস্থায় সব কিছুই আমার কাছে ভিজুয়াল এফেক্ট মনে হতো। ”