২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কার একটি আমেরিকান পুরস্কার, তারপরও...

অস্কার নিয়ে সারা দুনিয়া জুড়ে আমদর্শকের আগ্রহটা কৌতুহল উদ্দীপক। এমনিতে অস্কার একটা আমেরিকান পুরষ্কার। হলিউডের ছবিগুলিরই বিচার হয় এতে, তারাই পুরস্কার পায়। আরো একটু বাড়িয়ে বললে বলা যায় ইংরেজি ভাষার ছবি নিয়েই এই প্রতিযোগিতা। ১৯৫৬ সাল থেকে বিদেশী ভাষার ক্যাটাগরিতে যে পুরষ্কার দেওয়া শুরু হয় তা দিয়েও এর চরিত্রকে আন্তর্জাতিক বলে চালানো মুশকিল। তারপরও বিভিন্ন দেশের চলচ্চিত্র পরিচালকদের একটা আগ্রহ থাকে যদি কোনভাবে অস্কারে একবার নাম ওঠানো যায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2007, 08:35 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

ইংরেজি ভাষা আর ভাষীদের দোর্দ- প্রতাপ সত্ত্বেও এ কথা নিশ্চয়ই কেউ অস্বীকার করবেন না আজকের দুনিয়ার গুনেমানে সেরা সিংহভাগ ছবিই তৈরি হয় অন্য ভাষায়  -- ইতালীয় বা ইরানি বা অন্য কোন। গুনে মানেও কান -  ভেনিস -  বার্লিন এর চেয়ে অনেক অনেক এগিয়ে। প্রকৃতপক্ষে ওগুলোই আন্তর্জাতিক প্রতিযোগিতার আসর। সারা দুনিয়া থেকে বাছাই করা ছবি নিয়ে দুনিয়ার বিখ্যাত চলচ্চিত্রবোদ্ধারা চুলচেরা বিচার করে সেখানে যোগ্যতমদের পুরস্কৃত করেন। 

অস্কারে ছবির বিচারকরা সবাই আমেরিকান। কান--ভেনিসের মতো আন্তর্জাতিক জুরি বোর্ডের রায়ে সেরা ছবি নির্বাচিত হয় না এখানে। উপরন্তু একটা আন্তর্জাতিক বা বড় ধরনের প্রতিযোগিতার লক্ষ্য যেটা থাকেÑÑপরীক্ষামূলক ছবিকে উৎসাহ দেয়াÑÑসেটাও খুব একটা হয় না এখানে।

তারপরও কান--বার্লিনের চেয়ে অস্কারের দিকে কৌতূহল সবারই একটু বেশি। বিশ্বায়নের নামে যে আমেরিকায়নের যুগ চলছে বহুদিন ধরে সেটা এর একটা বড় কারণ হতে পারে। তাছাড়া এর মধ্যে একটা সর্বজনীনতা আছে, জনপ্রিয় ধারার ছবিগুলিই এখানে পুরস্কৃত হয় যার দর্শকরা সংখ্যাগুরু সর্বকালে সর্বদেশে। এর সাথে যুক্ত হয়েছে মার্কিনি বাণিজ্যবুদ্ধি, প্রচারেই প্রসার মন্ত্রের অমোঘ শক্তি। ফলে যতোটা গুনগত তার চেয়ে এই পুরস্কারের ব্যবসায়িক গুরুত্ব অনেক বেশি বলে ধরে নেওয়া যায়। এখানে পুরস্কারপ্রাপ্তরা হয়তো অমর হবেন না, কিন্তু পরবর্তীকালে তাদের ব্যবসা যে ভালো হবে সেটা চোখ বুজে বলে দেওয়া যায়।

মাঝের বেশ কয়েক বছর অস্কার সমালোচিত হয়েছিল রাজনৈতিক দোষে দুষ্ট হয়ে। অনেক বিখ্যাত পরিচালক, অভিনেতাকেও যোগ্য মনে করেনি এর বিচারকরা। যেমন মার্টিন স্করসেস। কিছুদিন আগে ডি ক্যাপ্রিও বিষ্ময় প্রকাশ করে বলেছেন, ‘এতোদিনেও যে মার্টিন স্করসেস অস্কার পাননি এটা মহা বিষ্ময়কর একটা ঘটনা।” অনেকে স্করসেসকে বার্গম্যান, ফেলিনিদের সমমানের চলচ্চিত্রকার মনে করেন। তার তৈরি ট্যাক্সি ড্রাইভার, রেজিং বুল, রাউন্ড মিডনাইট, ড্রিমস, গ্যাংস্টার অফ নিউ ইয়র্ক এসবের যে কোন একটির জন্যই তিনি অস্কার পেতে পারতেন। হাতে কলমে যাদেরকে চলচ্চিত্রের শিক্ষা দিয়েছেন তারা পর্যন্ত অনেক আগেই অস্কার পেয়ে গেছেন। যেমন ধরা যাক অলিভার স্টোনের কথা। স্করসেসের হাতে গড়া এই পরিচালক ১৯৮৬ সালেই সেরা পরিচালকের পুরষ্কার পেয়েছেন ‘প্লাটুন’ ছবির জন্য। অথচ..।

যাহোক শেষরক্ষা হয়েছে। এবার তার দি ডিপার্টেড ছবির জন্য সেরা পরিচালকের পুরষ্কার পেলেন স্করসেস। এটি একটি ভালো খবর।

ভালো খবরের মধ্যে আরেকটা হলো, এবারের অস্কারে আগের তুলনায় এর আন্তর্জাতিক ও সর্বজনীন চরিত্রের বিকাশ ঘটেছে। ৫০ বা ষাটের দশকে আজকের মতো এতোটা সর্বজনীন চরিত্র ছিলো না অস্কারের। বাণিজ্যিক সফলতা, স্থানীয় রাজনীতি এসবই প্রভাব ফেলতো পুরস্কারের মানদ- হিসেবে। সে সময়ে গ্রেগরি পেক বলেছিলেন, “অস্কার এর কদর বাড়বে না যতক্ষণ না নির্বাচকম-লীর সদস্যরা শিল্পসৃষ্টিকে অগ্রাধিকার দেবেন, জনপ্রিয়তাকে নয়।” শিল্পমান বিচার যে সর্ববাদীসম্মত হবে না একথা মেনে নিয়েই একটা ন্যূনতম মাপকাঠি রাখার ব্যাপারে জোর দিয়েছিলেন তিনি। জোর দিয়েছিলেন এর আন্তর্জাতিক চরিত্র গঠনের দিকেও। ধীরে ধীরে হলেও অস্কার সে পথে কিছুটা এগুনোর চেষ্টা করেছে। ’৮০র দশক থেকে সিরিয়াস ছবিও পুরস্কার পেতে শুরু করে। ফলে আন্তর্জাতিক চলচ্চিত্র জগতেও এ পুরস্কারের ব্যাপারে আগ্রহ তৈরি হয়।

৪ জন ব্রিটন এবং অসি ছাড়াও এ বারের অস্কার মনোনয়নের তালিকায় ছিল ৫ জন কৃষ্ণাঙ্গ যার মধ্যে একজন আফ্রিকান। এছাড়াও আছে ২ জন  স্পেনীয় ও ১ জন এশীয়। ২০০৪ সালেও ৫ জন কৃষ্ণাঙ্গ মনোনয়ন পেয়েছিল। সহঅভিনেত্রীর রোলে একা মার্কিন মেরিল স্ট্রিপকে লড়তে হয়েছে ৪ নন আমেরিকানের সাথে।

এবারের অনুষ্ঠান উপস্থাপনায় ডিজেনেরেস এনেছিলেন ভিন্ন মাত্রা। মঞ্চে তাকে কমই দেখা গেছে, ঘুরে বেরিয়েছেন দর্শকদের সারিতে, করেছেন মজার মজার সব কা-, তাতে স্করসেসের হাতে চিত্রনাট্য তুলে দেওয়া থেকে ঝাঁট দেয়া পর্যন্ত সবই ছিল।

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা অনেকখানি বাড়িয়েছে সন্দেহ নেই। এবারের অস্কার অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন তিনি। অতিথি হিসেবে নয়, তার ইনকনভেনিয়েন্ট ট্রুথ প্রামাণ্য চলচ্চিত্রটি নিয়ে হাজির হয়েছিলেন তিনি এই আলো ঝলমলে আসরে। ডকুমেন্টারি ফিচার বিভাগে পুরষ্কারও পেয়েছে ছবিটি।

সবমিলিয়ে অস্কারের ব্যাপারে নানাভাবেই দর্শকদের আগ্রহ বাড়ছে। আগামীতে হয়তো এর রূপটি আরো আন্তর্জাতিক হবে, হবে আরো খোলতাই। ব্যবসাবুদ্ধিকে মাথায় রেখেই যে সেটা করবে মার্কিনিরা তা নিয়ে সন্দেহ করার অবকাশ কম।